রেললাইন পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন পুনর্নির্মাণের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর-রূপাপাত ইউনিয়নে রেলপাত ও স্লিপার বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২৯ আগস্ট ‘কালুখালী-ভাটিয়াপাড়া রেলওয়ের কাজে অনিয়মের তদন্ত প্রসঙ্গে’ শেখর-রূপাপাত ইউনিয়নবাসীর পক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল, রূপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজার রহমান, রূপাপাত ইউপি আওয়ামী লীগের সভাপতি কোবাদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শেখর ইউপি আওয়ামী লীগের সভাপতি এ এম এন জামাল, সাধারণ সম্পাদক কামরুল চৌধুরসহ ১০ জন ফরিদপুর প্রেসক্লাবের কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়, বহুদিন পরিত্যক্ত থাকার পর এলাকার মানুষের আন্দোলন-সংগ্রামের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাবাসীর স্বপ্নের ফসল কালুখালী-ভাটিয়াপাড়া হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত রেল চালুর ব্যাপারে অনুমোদন দেন।কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, যেসব মানের খোয়া-বালু দেওয়ার কথা তা না দিয়ে খুবই নিম্নমানের খোয়া-বালু দিয়ে কাজ করা হচ্ছে। এ ছাড়া খোয়া ও বালুর পরিমাণ ৩: ১ ভাগ দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে প্রতিবাদ করলেও ফল হয়নি। প্রসঙ্গত, এ নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে গত ১০ আগস্ট সহস্রাইল রেলস্টেশন চত্বরে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে। রেলওয়ে সূত্রে জানা যায়, ভারতের কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের স্থানীয় উপঠিকাদার সুভাষ চন্দ্র সাহা এ অংশের কাজ করছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ঠিকাদার সুভাষ চন্দ্র সাহা নিজের ইচ্ছামাফিক ইটভাটার উচ্ছিষ্ট খোয়া-বালু ব্যবহার করে নির্মাণকাজ করছেন। রেল চালু সংগ্রাম পরিষদের সদস্যসচিব গাজী শাহিদুজ্জামান জানান, পুনরায় রেল চালুর উদ্যোগ নেওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু ম্যাকাডাম অংশের নির্মাণকাজ খুবই নিম্নমানের হওয়ায় মানুষ আশাহত হয়ে পড়েছে। অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার সুভাষ সাহা দাবি করেন, দরপত্র অনুযায়ী সঠিকভাবে রেলের কাজ করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ প্রতিনিয়ত এ কাজের তদারক করছে। যাঁরা নিম্নমানের কাজের অভিযোগ এনেছেন, তাঁদের অভিযোগের কোনো সত্যতা নেই। রেলওয়ের পাকশী বিভাগের প্রকৌশলী এ এস এম মাসুদুর রহমান বলেন, ‘পত্র-পত্রিকায় অনিয়মের খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ২৮ আগস্ট রাজশাহীর রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রেললাইন) মো. আবদুল হক, পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পংকজ কুমার সাহা ও আমি সরেজমিনে সহস্রাইলসহ ওই এলাকায় রেলওয়ের নির্মাণকাজ পরিদর্শন করেছি। দেখা গেছে, সুযোগ পেলেই ঠিকাদারেরা নিম্নমানের খোয়া-বালু ব্যবহারের চেষ্টা করেন। এ নিয়ে আমরা একাধিকবার ঠিকাদারদের মৌখিকভাবে সতর্ক করেছি। ভবিষ্যতে নির্মাণকাজের তদারকি আরও জোরদার করা হবে।’