
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন আশকোনা হজ ক্যাম্প রোডের ফুটপাত এবং সড়ক এখন পুরোদস্তুর বাজার। বাজার বিস্তৃত হয়েছে রেললাইন পর্যন্ত। দোকানিদের দাবি, দৈনিক ভিত্তিতে চাঁদা দিয়ে ব্যবসা করছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার দেখা যায়, হজ ক্যাম্প রোডের প্রবেশমুখে বাবুস সালাম মসজিদ মার্কেটের অপর পাশে রেললাইনের ওপর বসেছে ফলের দোকান। রেললাইন থেকে হজ ক্যাম্প পর্যন্ত এক পাশের সড়ক ও ফুটপাতে সারি সারি দোকান। সবজি, মাছ, ফলমূল থেকে শুরু করে স্যান্ডেল, জামাকাপড়—সবই বিক্রি হচ্ছে এসব দোকানে।
হজ ক্যাম্প রোডে চলাচলকারী যানবাহন নিয়ন্ত্রণের জন্য রেললাইনের পাশে আছে একটি ঘুন্টিঘর। রেললাইনের ওপরে বসা এসব দোকানের কারণে রেলক্রসিং বার ওঠানো-নামানো বাধাগ্রস্ত হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা যায়, বিমানবন্দর রেলস্টেশনে ৮০ বার রেলক্রসিংয়ের বার নামাতে হয়। ফলে এসব দোকানের কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
দক্ষিণখানের বাসিন্দা সফিকুল ইসলাম নিয়মিত এ পথে যাতায়াত করেন। তিনি বলেন, ‘ফুটপাতে এমনভাবে দোকান বসছে যে পাশাপাশি দুজন হাঁটার উপায় নেই। দোকান বসছে, তাই লোকজনও কিনছে। এখানে দোকান না থাকলে কেনাকাটাও করতে পারত না। হজের সময় কিছুদিন দোকান ছিল না। আবার বসেছে।’
বিমানবন্দর রেলস্টেশনের স্টেশনমাস্টার হরি গোপাল সেন প্রথম আলোকে বলেন, দোকানগুলো উঠিয়ে দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বাবুস সালাম মার্কেট থেকে শুরু করে হজ ক্যাম্পের সামনের মুক্তিযোদ্ধা মার্কেট পর্যন্ত এসব অবৈধ দোকান। সড়কের ওপরে দোকানদারেরা ভ্যানগাড়িতে আর ফুটপাতের দোকানদারেরা প্লাস্টিকের বাক্স, টুকরি ও ফলের কার্টনে পসরা সাজিয়ে বসেছেন। এসব দোকানের ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে সড়ক বিভাজকে।
‘বরিশালের অরজিনাল আমড়া, ৮০-র মাল খালি ৬০’ হাঁক দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছিলেন হানিফ মিয়া। ফুটপাতের ছোট দোকানে আমড়া, আমলকী ও কতবেল বিক্রি করেন তিনি। এখানে কীভাবে দোকান বসালেন জানতে চাইলে হাতের তিন আঙুল উঁচিয়ে বললেন, ‘প্রতিদিন ৩০০ টাকা দিয়া বসি।’
অন্তত ১০ জন দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, দোকান বসাতে নিয়মিত তাঁদের ২০০-৩০০ টাকা চাঁদা দিতে হয়। তবে কে এই টাকা তোলেন, তা বলতে রাজি নন দোকানিরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানি বলেন, পুলিশ, স্থানীয় নেতা ও রেলের লোকজন—সবার মধ্যেই টাকা ভাগ হয়।
বিমানবন্দর থানার টহল পরিদর্শক শাহ আমিন প্রথম আলোকে বলেন, ‘দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়া হয়, এমন কোনো ব্যাপার জানা নেই। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হয়। আগামী কয়েক দিনের মধ্যে দোকান সরিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলা হবে।’