রেললাইন বেঁকে গিয়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ার গঙ্গাসাগর ও কসবার ইমামবাড়ী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ১৫ থেকে ২০ ফুট রেললাইন গতকাল শুক্রবার দুপুরে বাঁকা হয়ে গিয়েছিল। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল।
রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, যে এলাকায় রেললাইন বাঁকা হয়েছে, ওই এলাকাটি রেলওয়ের কুমিল্লা অঞ্চলের। সেখানে রেললাইনের ত্রুটি চিহ্নিত করার কাজে নিয়োজিত রেলওয়ের কর্মী ‘কি-ম্যান’ মনির হোসেন রেললাইন বাঁকা হয়ে যাওয়ার বিষয়টি দুপুর ১২টার দিকে চিহ্নিত করেন। ূত্র জানায়, ওই এলাকায় একটি রেললাইন। এ কারণে গতকাল ওই সময় এই পথে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন দুটি কসবা ও আখাউড়ায় আটকা পড়ে। বেঁকে যাওয়া রেললাইন বেলা তিনটার দিকে মেরামত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, রেললাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি হলে বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে। গতকাল বেলা ১১টার দিকে ওই এলাকার রেললাইনের তাপমাত্রা ৪৮ থেকে ৪৯ ডিগ্রি ছিল।