রেললাইন মাড়িয়ে চলছে আবাসনের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের হুইসেল শুনলেই মাটি ভরাটের কাজ ক্ষণিকের জন্য থেমে যায়। তখন নিজ দায়িত্বে এপার-ওপারে চলে সতর্কতা। ট্রেন চলে গেলে শুরু হয় মাটি-বালু-ইটবোঝাই ট্রাক পারাপার। সিলেট-ঢাকা রেললাইন মাড়িয়ে এভাবেই একটি আবাসন প্রকল্পের কাজ চলছে। সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের কাছে ‘সিলভার ভিলেজ’ নামের আবাসন প্রকল্পের বিকল্প কোনো পথ না থাকায় মাটি ভরাট চলছে রেললাইন মাড়িয়ে। প্রায় তিন বছর ধরে রেললাইনের এমন অবৈধ ব্যবহার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে নির্বিকার।রেললাইনকে অবৈধ ব্যবহারের আবাসন প্রকল্পের মালিক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির সাইফুল্লাহ হোসাইন। চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকার সময় তিনি ‘সিলভার ভিলেজ আবাসিক প্রকল্প’ শুরু করেন। ২০০৬ সাল থেকে আবাসন প্রকল্পের কাজ শুরু হলেও ক্রেতাদের প্লট বরাদ্দ দেওয়া শুরু হয় ২০০৭ সাল থেকে। তখন থেকে আবাসন প্রকল্পের যোগাযোগ, মাটি ভরাটসহ বিভিন্ন কাজে ব্যবহূত হয় রেললাইন।সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫০টি প্লটের জন্য মাটি ভরাটসহ বাড়ি তৈরির কাজে সামগ্রিক মালামাল রেললাইনের ওপর দিয়ে চলছে। আবাসন প্রকল্পের পূর্বে ঢাকা-সিলেট রেললাইন ছাড়া অন্য তিন দিকে বসতবাড়ি থাকায় প্রকল্পের নিজস্ব কোনো পথ নেই। শুরুতে প্রকল্পের কাজে অস্থায়ীভাবে এবং পরে মালামাল আনা-নেওয়ার পর রেললাইনের ওপর অনেকটা স্থায়ী পারাপার শুরু হয়। রেললাইনের পূর্ব-পশ্চিমের নালা আকৃতির জায়গাও ভরাট করা হয়েছে। আশপাশের এলাকাবাসী জানান, প্রায় তিন বছর ধরে আবাসন প্রকল্পের রেললাইন ব্যবহূত হওয়ায় রেললাইনের ওপর দিয়ে এ পথকেই প্রকল্পের নিজস্ব পথ হিসেবে অনেকে মনে করছেন। প্রকল্প এলাকায় ৫০টি প্লটের মধ্যে দুটি প্লটে বাস করছে দুটি পরিবার। তারা জানায়, রেললাইন ছাড়া বিকল্প কোনো যোগাযোগের পথ নেই। আবাসন কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে রেললাইনের ওপর দিয়ে এই পথকেই আবাসিক এলাকার পথ করবে বলে জানিয়েছে।রেলওয়ে সূত্র জানায়, রেললাইন পারাপারে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল (পথ) শাখার নির্দেশনা হচ্ছে, সতর্কতার জন্য রেললাইনের এপার-ওপারে অন্তত ১০-১৫ ফুট দূরত্ব রাখতে হয়। জনস্বার্থে পারাপার হিসেবে ওভার ক্রসিং তৈরি করতে হলে তা যথারীতি দরখাস্ত এবং রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়।এ ব্যাপারে সিলভার ভিলেজের চেয়ারম্যান সাইফুল্লাহ হোসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও এ ব্যাপারে কথা বলা যায়নি। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদে তাঁর কার্যালয়ে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি একাধিকবার গিয়েও তাঁর সাক্ষাৎ পাননি। তবে প্রকল্পের সিলেট কার্যালয়ে টেলিফোনে যোগাযোগ করলে রাহাত হোসাইন নামের একজন প্রকল্প কর্মকর্তা পরিচয় দিয়ে প্রথম আলোকে জানান, মাটি ভরাটের কাজ এখন বন্ধ। প্রকল্পের কাজ শেষ হওয়ায় এ কাজ বন্ধ রয়েছে।রেলওয়ে (পথ) সিলেটের প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ উপবিভাগীয় প্রকৌশলী আকবর হোসেন ভূঁইয়া বলেন, রেললাইন মাড়িয়ে যেকোনো কাজ করতে গেলে অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে ওই আবাসন প্রকল্প কোনো অনুমতি নেয়নি। তবে মাসখানেক হয় একটি দরখাস্ত তাঁদের হাতে পৌঁছেছে। তবে বিবেচনার আগেই যেহেতু রেললাইন ব্যবহূত হয়েছে, তাই বিষয়টি তদন্ত করা হবে।