গাজীপুরে রেললাইন সংস্কার ও দুর্ঘটনাকবলিত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের উদ্ধারের কাজ গতকাল রোববার বিকেল পর্যন্তও শেষ হয়নি। এদিকে সংস্কার ও উদ্ধারকাজের জন্য গতকাল ভোর চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেল চলাচল করেনি। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ চলছে। শনিবার রাতে দুটি উদ্ধারকারী ট্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন তোলা সম্ভব হয়েছে। এ ছাড়া একটি বগি উদ্ধারকারী ট্রেন দিয়ে তুলে রেললাইনের পশ্চিম পাশের মাটিতে রাখা হয়েছে। দুর্ঘটনার ফলে ২০০ ফুট লাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, দুর্ঘটনার পর থেকেই ওই রুটের সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঢাকা বিভাগের সহকারী প্রকৌশলী ওয়াজির আহাম্মেদ মজুমদার বলেন, ‘দুটি রিলিফ ট্রেন দিয়ে সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিনটি তোলা হয়েছে। রেললাইন সংস্কারের কাজ চলছে। আশা করি, আজ (সোমবার) কাজ শেষ করা যাবে।’ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী নূর আহমদ হোসেন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দিনের বেলায় কাজ ধীরগতিতে করতে হচ্ছে।ধীরাশ্রম এলাকায় গত শুক্রবার খুলনাগামী যাত্রীবাহী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত ও ২০ যাত্রী আহত হন।