রেললাইন স্থাপনকাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইন পুনঃস্থাপনের কাজে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল রেলস্টেশন চত্বরে। শেখর ও রূপাপাত ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শত শত লোক অংশগ্রহণ করেন। প্রতিবাদকারীরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মানববন্ধন ও সবশেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এ এন এম জামাল, কামরুজ্জামান ও রেল চালু সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মাহিদুল হক। বক্তারা অভিযোগ করেন, রেললাইন পুনঃস্থাপনের কাজে বালু ও খোয়ার ম্যাকাডাম তৈরিতে যে খোয়া দেওয়া হচ্ছে তা খুবই নিম্নমানের। এভাবে কাজ শেষ করা হলে পরবর্তী সময়ে বড় আকারের রেল দুর্ঘটনাসহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এ ছাড়া বক্তারা সহস্রাইল রেলস্টেশনে ৪০ বছরের দুটি মেহগনি ও রেইনট্রিগাছ কাটার জন্য ঠিকাদার ও রেল কর্তৃপক্ষ যোগসাজশে পাঁয়তারা চালাচ্ছে অভিযোগ এনে অবিলম্বে এ কর্মতৎপরতা বন্ধের দাবি জানান।