রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
ঢাকা-মুন্সিগঞ্জ রেললাইন স্থাপনের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন হয়েছে। মুন্সিগঞ্জ যোগাযোগ উন্নয়ন আন্দোলন কমিটি গতকাল বুধবার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমীসংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে আন্দোলন কমিটির নেতারা জানান, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কপথে দীর্ঘদিন ধরে যাত্রীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাসের ভাড়া ও সেবার মান নিয়ে দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত বাস ভাড়া উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। নিম্নমানের বাস দিয়ে সিটিং সার্ভিসের কথা বলে পথে পথে যাত্রী তোলা হয়। প্রতিবাদ করলে অপদস্থ হতে হয় যাত্রীদের।
যোগাযোগ উন্নয়ন আন্দোলন কমিটির নেতারা আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে অনেক দিন ধরেই মুন্সিগঞ্জের লোকজন ঢাকা-মুন্সিগঞ্জ রেললাইন স্থাপনের দাবি জানিয়ে আসছেন। মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ প্রক্রিয়াধীন। ওই সেতুর ওপর দিয়ে রেললাইন দক্ষিণবঙ্গের দিকে যাবে—এমন কথা শোনা যাচ্ছে। এতে লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার লোকজন রেল-সুবিধা পাবেন। কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলা ও টঙ্গিবাড়ী উপজেলার লোকজন রেল যোগাযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।