রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছয়জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ব্যাটারিচালিত এই অটোরিকশাটি। এতে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। ছবি: আবদুল আজিজ
জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ব্যাটারিচালিত এই অটোরিকশাটি। এতে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। ছবি: আবদুল আজিজ

জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই যাত্রী। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ফৌজদারি-চন্দ্রা সড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার কম্পপুর এলাকার রেহান আলীর ছেলে সানোয়ার হোসেন (৪০), চন্দ্রা এলাকার মৃত শাহ আলমের ছেলে মীর হোসেন (৪০), বাঁশচড়া এলাকার তৈয়ব আলীর ছেলে ইনতাজ আলী (৫০), শাহপুর এলাকার আবদুল আজিজের স্ত্রী ছালেহা বেগম (৫০), কম্পপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে হোসেন আলী (৫০) ও অটোরিকশার চালক কম্পপুর এলাকার আবদুর রহিম (৩৫)। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী রবিন মিয়া বলেন, জামালপুর সদর উপজেলার চন্দ্রা রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। সন্ধ্যায় ময়মনসিংহ থেকে একটি লোকাল ট্রেন দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ক্রসিংয়ের পশ্চিম পাশে দোকানঘর থাকায় ট্রেনটি দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি চন্দ্রা রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সানোয়ার নিহত হন। আহত সাতজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। পরে বাকি চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আরও দুজনের মৃত্যু হয়।

জামালপুর রেলওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

জেলা প্রশাসক আহমেদ কবীর প্রথম আলোকে বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হবে। কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রেলক্রসিং এলাকার পশ্চিম পাশে অবৈধ স্থাপনা রয়েছে। এ কারণে ট্রেন অতিক্রমের সময় অন্য যানবাহনের চালকেরা তা দেখতে পান না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।’

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরুল ইসলাম বলেন, ‘এই রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। এ কারণে অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।