রেললাইনে আগুন দেওয়ার সময় শিবিরের দুই কর্মীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গতকাল সোমবার সন্ধ্যায় রেললাইনে আগুন দেওয়ার সময় শিবিরের দুই কর্মীকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পেট্রল জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার সিরাজুল ইসলামের দুই ছেলে আমিনুল (২৪) ও তরিকুল (২৬)। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের লাইনে আগুন দেন আমিনুল ও তরিকুল। ওই সময় রেললাইনের পাশের বস্তি থেকে লোকজন ছুটে এসে তাঁদের ধাওয়া দেন। পরে তাঁদের আটক করে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। ওই দুজনকে শহরের খানপুর ২০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আকতার আরও জানান, শিবিরের ওই কর্মীর কাছ থেকে শুকনা কাঠ, বোতলভর্তি পেট্রল ও দেশলাই জব্দ করা হয়েছে। নাশকতা সৃষ্টির অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।