রেললাইনে ঝুঁকির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতপুরে রেললাইনের ওপর বসেছে বাজার। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
দৌলতপুরে রেললাইনের ওপর বসেছে বাজার। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

খুলনার দৌলতপুর ও জোড়া গেট এলাকায় রেলওয়ের জমিতে ও রেললাইনের ওপর বসছে বাজার। দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে শতাধিক ব্যবসায়ী ব্যবসা করে চলেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো নজর নেই।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর পর দৌলতপুরের বাজারসংলগ্ন রেললাইনের ওপর বসছে কাঁচাবাজার। এভাবে বাজার বসায় দুর্ঘটনাও ঘটেছে বেশ কয়েকবার। আধা কিলোমিটার রেললাইনের দুই পাশ দিয়ে শতাধিক দোকান বসেছে প্রতিদিন সকালে ও বিকেলে। নগরের জোড়া গেট এলাকায় কদমতলায় রেললাইনের দুই পাশের প্রায় দুই একর জমি ১০ বছর ধরে দখল হয়ে আছে। ১০ বছর আগেও এখানে তিন-চারটি চা-পান-বিড়ির দোকান ছিল। এখন সেখানে ৬০টির মতো আধা পাকা দোকান গড়ে উঠেছে। তৈরি হয়ে গেছে বিশাল বাজার। হোটেলও রয়েছে। এখানে প্রতিদিন সকালে বসে মাছের বাজার, ঈদের সময় বসে গরুর হাট।

দৌলতপুরের দোকান ব্যবসায়ী মো. লিয়াকত হোসেন বলেন, ‘ট্রেন আসার সময় জিনিসপত্র সরিয়ে নিই। ট্রেন চলে গেলি আবার বসি। এভাবে ৩৫ বছর পার হয়ে গেল। পেটের তাগিদে অনেক কিছু করতি হয়।’

কদমতলা এলাকার ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, ‘ফাঁকা জায়গা পড়ে আছে, তাই দোকান দিছি। মাঝে রেলের লোক আসে, নোটিশ দেয়। আবার যা-তাই, এভাবে কাটে যাচ্ছে।’

খুলনা রেলওয়ের কানুনগো মনোয়ারুল বলেন, ‘আমরা এ মাসে উচ্ছেদ অভিযান চালাব। তখন ওই স্থানের সব স্থাপনা উচ্ছেদ করা হবে।’