রেললাইনে ট্রাক, চলে এল ট্রেন

সিরাজগঞ্জের বেতকান্দি রেলক্রসিংয়ে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে ট্রেনের সঙ্গে কাঠবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছে। তাদের উল্লাপাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন ও পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, কাঠবোঝাই একটি ট্রাক ওই এলাকার বন্যাকান্দি থেকে উল্লাপাড়া যাওয়ার জন্য রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেলপথের পাশের খাদে উল্টে পড়ে। এতে কুষ্টিয়ার ট্রাকচালক মাজেদুল ইসলাম (৩০) এবং সহকারী জনি মিয়া (২৫) গুরুতর আহত হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনের রেডিওয়াটার ফেটে যায়। ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছানোর পর বন্ধ হয়ে যায়।
ট্রেনের চালক নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে জামতৈল রেলস্টেশনে ট্রেনটি থামানো হয়।
পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঈশ্বরদী থেকে একটি ইঞ্জিন গেলে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।