রেললাইনে ট্রাক বিকল, ট্রেন চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম স্টেশনের পাশে ঢাকা বাইপাস সড়কে গতকাল শনিবার সন্ধ্যায় লেভেল ক্রসিংয়ে রেললাইনের ওপর আলুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে।
এ সময় ঢাকা-ময়মনসিংহ ও রাজশাহী পথে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন টঙ্গী ও জয়দেবপুর রেলওয়ে জংশনে আটকা পড়ে।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধীরাশ্রম স্টেশনের পাশে ঢাকা বাইপাস সড়কে লেভেল ক্রসিংয়ে রেললাইনের ওপর গতকাল সন্ধ্যা সাতটার দিকে আলুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এক্সেল ভেঙে ট্রাকটি বিকল হয়। এ সময় টঙ্গী জংশনে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ঘটনাস্থলের অদূরে গাজীপুরগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতি করে।
অপরদিকে জয়দেবপুর জংশনে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আটকা পড়ে। পরে ট্রাকের ওপর থেকে আলুর বস্তা নামানো হয়। গাজীপুর পুলিশ লাইনস থেকে আনা রেকার দিয়ে রাত নয়টার দিকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়াউদ্দিন সরদার জানান, রাত নয়টা থেকে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।