রেললাইনে তিন তরুণের খণ্ডবিখণ্ড লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় রেললাইন থেকে ট্রেনে কাটা তিন তরুণের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের রইছ আলীর ছেলে শাহীন (২৫) ও একই গ্রামের নানু মিয়ার ছেলে পুটলা (৩০)। অপর লাশের পরিচয় পাওয়া যায়নি। 

তিনটি লাশই ট্রেনে কাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। তাঁদের অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা লাশগুলো রেললাইনের ওপর ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

এলাকাবাসী জানান, আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-সিলেট রেলওয়ে সেকশনের নোয়াপাড়া রেলস্টেশন থেকে প্রায় পাঁচ গজ দূরে রেললাইনের ওপর তিন তরুণের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ জংশন ও শ্রীমঙ্গল রেলওয়ে সেকশনের পুলিশ ঘটনাস্থলে যায়। রেললাইন থেকে খণ্ডবিখণ্ড অবস্থায় তিন তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।

নোয়াপাড়া রেলস্টেশন মাস্টার মতিউর রহমান বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সিলেট থেকে চট্টগ্রামগামী একটি এবং আজ ভোররাত তিনটায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন ওই লাইন দিয়ে চলাচল করেছে। কোন ট্রেনে তাঁরা কাটা পড়েছেন, সঠিকভাবে তা বলা যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণী বলেন, ‘অপরাধীরা তিন তরুণকে অন্যত্র হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে গেছে বলে আমরা ধারণা করছি। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এলাকায় তাঁরা শাহীন ও পুটলা নামে পরিচিত। তাঁদের পেশা নিয়ে বিতর্ক আছে। অপরাধজনিত কোনো ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’