রেললাইনে থাকা গরুকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত ডেমু ট্রেন!
নোয়াখালীর বেগমগঞ্জের গনিপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি গরুকে ধাক্কা দেওয়ার পর ওই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের কর্মকর্তারা জানান। দুর্ঘটনায় ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডেমু ট্রেনের বগির দুদিকে ইঞ্জিন থাকে। অন্য ট্রেনের মতো আলাদা ইঞ্জিন থাকে না।
দুর্ঘটনার পর নোয়াখালী-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম রেলওয়ে স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
চৌমুহনী রেলস্টেশনের মাস্টার মো. আসাদুজ্জামান গতকাল রাত পৌনে নয়টায় প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণে দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তিনি বলেন, রেললাইনের ওপর একটি গরু দাঁড়িয়েছিল। ট্রেনের ধাক্কায় সেটি মারা যায়।
ফায়ার সার্ভিসের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর পড়ে থাকা মৃত গরুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।