রেললাইনে থেমে গেল অটোরিকশা, প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশনের প্রায় এক কিলোমিটার পূর্বে রেললাইনের ওপর আচমকা অটোরিকশাটি থেমে যায়। তখনই একদিক থেকে ছুটে আসে সাগরিকা এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি অনেক দূর চলে গিয়ে একপর্যায়ে ছিটকে পড়ে। এতক্ষণে অটোরিকশার চালক ও যাত্রীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।

আজ সোমবার দুপুরে সাড়ে ১২টায় চাঁদপুর-লাকসাম রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাগরিকা ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরে যাচ্ছিল।

নিহত অটোরিকশাচালক হলেন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের কালু মিয়া (৪৫) ও যাত্রী একই গ্রামের বড়বাড়ির সাইফুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শী জুবায়ের আহম্মেদ সৈকত জানান, হাজীগঞ্জ বাজারের আমিন রোডের রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ অটোরিকশাটি থেমে যায়। এ সময় সাগরিকা এক্সপ্রেসের নিচে অটোরিকশাটি চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের স্ত্রী উম্মে হাবিবা জানান, সাইফুল ইসলাম জায়গা বিক্রি করতে অটোরিকশা ভাড়া করে দ্রুত বাড়ি আসছিলেন। তিনি ১ নম্বর ওয়ার্ড কাজিরগাঁও গ্রামের যুবলীগের সভাপতি ছিলেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, রেলক্রসিংয়ে কোনো গেট না থাকায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এ কারণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। বিষয়টি চাঁদপুর জিআরপি থানায় জানানো হয়েছে।