রেললাইনে নাশকতা, অবরোধ,ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমের মামলার রায় কেন্দ্র করে জামায়াতের ডাকা গতকাল সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম: ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আটটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি ট্রাক পুড়ে গেছে। এ ছাড়া চারটি ট্রাক আংশিক পুড়ে যায়। হরতালকারীরা সীতাকুণ্ড এলাকায় রেলপথ অবরোধ করলে পাঁচটি ট্রেন আশপাশের স্টেশনে আটকা পড়ে।
রাজশাহী: দুপুরে নগরের সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে ঝটিকা মিছিল বের করে অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ এবং কাদিরগঞ্জে দোকানপাট ভাঙচুর করেন শিবিরের কর্মীরা। এ সময় চারজনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ: গোলাম আযমের রায় শোনার পর সিদ্ধিরগঞ্জে তাণ্ডব চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা দুটি বাসে আগুন ধরিয়ে দেন এবং প্রথম আলোর ফটোসাংবাদিকের মোটরসাইকেলসহ ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন।
গাজীপুর: বেলা একটার দিকে চান্দনা চৌরাস্তায় শিবিরের কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
টঙ্গী (গাজীপুর): শিবিরের কর্মীরা বনমালা রোডের মোড়ে ও কলেজগেট এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।
বগুড়া: রায় ঘোষণার পর থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ২০টি যানবাহন ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া কমপক্ষে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। দুজনকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ: ভোর থেকে জেলার কামারখন্দ উপজেলার নলকা কাসেম মোড় ও বানিয়াগাতী এলাকায় মহাসড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছে।
জয়পুরহাট: জামায়াত-শিবিরের কর্মীরা জামালপুর ইউনিয়নের উড়ি মাধবপাড়া নামক স্থানে রেললাইনে আগুন দিয়ে ৬৪টি স্প্যান্ডেল ক্লিপ তুলে ফেলেন। এ ঘটনায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
নওগাঁ: হরতালে নওগাঁয় পুলিশের লাঠিপেটায় জামাত-শিবিরের আট নেতা-কর্মী আহত হন।
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে জামাত-শিবিরের কর্মীরা চারটি যাত্রীবাহী বাস ও দুটি মালবাহী ট্রাক ভাঙচুর করেন।
গোপালগঞ্জ: নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ আব্দুর রহমান (৩৫) নামে এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি। তবে হরতালের আগে ও পরে ১০ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী: গোলাম আযমের মামলার রায় প্রত্যাখ্যান করে শহরে ঝটিকা মিছিল ও ভাঙচুর করেন দলীয় কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।
লক্ষ্মীপুর: জেলার আট পত্রিকা পরিবেশকের প্রায় দশ হাজার পত্রিকা পুড়িয়ে দিয়েছে পিকেটাররা।
কুমিল্লা: জেলার বিভিন্ন এলাকায় ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ প্রশাসন এ তথ্য জানিয়েছে।
ফেনী: সকালে জামায়াত-শিবিরের কর্মীরা অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় যাত্রী ও পথচারীসহ অন্তত পাঁচজন আহত হয়। নাশকতার আশঙ্কায় পুলিশ রাতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
ঝিনাইদহ: শৈলকুপার শেখপাড়া বাজারে তিনটি ট্রাকে অগ্নিসংযোগ ও কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে চারটি ট্রাক ভাঙচুর করা হয়।
শেরপুর (বগুড়া): পিকেটাররা বাংলাদেশ ব্যাংকের টাকা পরিবহনের দুটি গাড়িসহ কমপক্ষে ১৫টি যানবাহনের ক্ষতিসাধন করেছে। শেরপুর থানা-পুলিশ বেলা ১১টায় রাজাপুর এলাকা থেকে দুজন পিকেটারকে আটক করেছে।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): গোলাম আযমের রায় ঘোষণার পরই তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে ডাকবাংলো সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এর আগে পুলিশ সকালে চার জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া (চট্টগ্রাম): ছদাহা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল ভোর ছয়টার দিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): হরতালে সীতাকুণ্ডের পাঁচটি স্থানে পুলিশ-পিকেটারের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের দুই উপপরিদর্শক ও চার কনস্টেবলসহ অন্তত ১২ জন আহত হন।
লোহাগাড়া (চট্টগ্রাম): রায় ঘোষণার পর লোহাগাড়া উপজেলায় বটতলী স্টেশনে জামায়াত-শিবিরের কর্মীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ছাড়া তাঁরা লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের গ্রামীণ সড়কে গাছ কেটে অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন।
রায়পুর (লক্ষ্মীপুর): রামগঞ্জ উপজেলা ও নোয়াখালীর চাটখিলের সীমান্তবর্তী কচুয়া এলাকায় পত্রিকা বহনকারী মাইক্রোবাস থেকে পত্রিকাগুলো নামিয়ে সকাল ১০টার দিকে পুড়িয়ে দেওয়া হয়।
রামগতি (লক্ষ্মীপুর): কমলনগর উপজেলা পরিষদসংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা এলাকায় দুপুরে ছাত্রশিবিরের পিকেটারদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে কমলনগর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আবদুজ জব্বার, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মামুনুর রশিদ, কনস্টেবল সাখাওয়াত হোসেন আহত হন।
সিলেট: রায় ঘোষণার পর সিলেট নগরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছে জামায়াত-শিবির। টুকেরবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে ও উপশহরে শিবির কর্মীরা ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এক শিবির কর্মীকে আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি। তবে হরতালের আগে ও পরে ১০ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বিশ্বনাথ (সিলেট): দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।