রেললাইনে পাত আটকানোর ক্লিপ নেই, ঝুঁকি নিয়ে চলাচল

ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের বিভিন্ন স্থানে ফাঁকে ফাঁকে স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখার ক্লিপ নেই। এ অবস্থায় ওই পথে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। রেল কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, দুর্বৃত্তরা ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলছে, রেললাইনে ক্লিপগুলো লাগানোই হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের ভোমরাদহ, শীবগঞ্জ, ঠাকুরগাঁও রোড ও রুহিয়া রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থানে অসংখ্য ক্লিপ নেই। এসব জায়গার খানিক পর পর কয়েকটি ক্লিপ লাগানো আছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাঠ বা স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখতে ক্লিপ (হাতুড়ি আকারের লোহার খণ্ড) ব্যবহার করা হয়। একটি স্লিপারের দুপাশে চারটি করে ক্লিপ থাকে।
শীবগঞ্জ রেলস্টেশন এলাকার মহেশালী গ্রামের আবদুর রাজ্জাক গত শনিবার বলেন, ‘নতুন রেললাইন বসানোর পর থেকেই এমনি দেখছি। স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখার জন্য যে ক্লিপ ব্যবহার করা হয়, তা অনেক জায়গায় লাগানো হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের এক ট্রেনচালক বলেন, ক্লিপ না থাকায় রেললাইন নড়বড়ে হয়ে পড়ে। যেকোনো সময় ট্রেন লাইনচ্যুত হতে পারে।
রেললাইনে ক্লিপ না থাকার কারণ জানতে চাইলে রেল বিভাগের ঠাকুরগাঁও অঞ্চলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোতাহার হোসেন বলেন, পরীক্ষামূলক রেল চালাতে গিয়ে রেললাইনের অনেক ক্লিপ ভেঙে গেছে। সেগুলো আর লাগানো হয়নি। এ ছাড়া কিছু ক্লিপ চুরি হয়ে গেছে। তবে কী পরিমাণ ক্লিপ ভেঙে গেছে, আর কী পরিমাণ চুরি হয়েছে, তার হিসাব এখন করা যাচ্ছে না। যেসব জায়গায় ক্লিপ নেই, সেখানে দ্রুত ক্লিপ লাগাতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
ক্লিপ চুরির বিষয়টির জন্য অভিযোগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোতাহার হোসেন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের জানানো হয়েছে। তাঁরা ক্লিপ চুরি রোধে ব্যবস্থা নিচ্ছেন।
ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের ভোমরাদহ থেকে পঞ্চগড় পর্যন্ত ৫০ কিলোমিটার ব্রডগেজ লাইন স্থাপনের কাজটি করছে ম্যাক্স কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের গুদামরক্ষক মো. শামসুল করিম বলেন, ‘কোনো কোনো জায়গায় অনিচ্ছাকৃত ক্লিপ লাগানো বাকি থাকতে পারে। তবে আমার জানামতে, ক্লিপ লাগানোর পর কিছু ক্লিপ চুরি হয়ে গেছে। প্রকল্পের কাজ গুটিয়ে নেওয়ার আগে আমরা সেগুলোও লাগানোর ব্যবস্থা নিচ্ছি।’
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী মো. আরিফুল ইসলাম মুঠোফোনে গত শনিবার প্রথম আলোকে বলেন, ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথ সংস্কারের কাজ সবে শেষ হয়েছে। রেললাইনের ক্লিপ না থাকার কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।