রেললাইনে পড়ে ছিল তরুণীর লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন এলাকার অদূরে রেলপথ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ট্রেনে কাটা পড়া অবস্থায় ছিল। গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
তরুণীর নাম লিজা বেগম ওরফে তান্নি (২৫)। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল কলেজে পরীক্ষা দিতে বের হওয়ার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করে লাশ রেলপথে ফেলে রেখে গেছে। এটা হত্যা, না আত্মহত্যার ঘটনা, তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, নিজা বেগম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আবদুল হকের মেয়ে। বছর খানেক আগে পতনউষার ইউনিয়নের রাসেল আহমদের সঙ্গে তাঁর বিয়ে হয়।
তরুণীর মা রাবেয়া বেগম দাবি করেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে লাশ রেলপথে ফেলে রেখে গেছে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস শহীদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের কাছে পাওয়া কিছু আলামত থেকে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এটি আত্মহত্যা, নাকি হত্যার পর কেউ রেলপথে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে তরুণীর স্বামী রাসেল আহমদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।