রেললাইনে বসে মুঠোফোনে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন তিনি। পেছন দিক থেকে সিলেটগামী একটি ট্রেন আসছিল। কয়েকবার হর্ন বাজছিল। এরই মধ্যে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। গতকাল সোমবার ঢাকা-সিলেট রেললাইনের দক্ষিণ সুরমার শিববাড়ির কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম লোকমান আহমদ (৩০)। তাঁর বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্র জানায়, ঢাকা-সিলেট রেললাইনের দক্ষিণ সুরমার মোমনিখলার কাছে একটি ফাঁকা জায়গায় রেললাইনের ওপর লোকমানকে বসে থাকতে দেখা গেছে। রেললাইন পেছনে রেখে বসে তিনি গান শুনছিলেন। ঢাকা থেকে সিলেটগামী অপরাহের রেল জয়ন্তিকায় কাটা পড়েন লোকমান। দুর্ঘটনার পরপরই ওই রেলে থাকা একজন যাত্রী মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে রেললাইন কিছুটা বেঁকে যাওয়ায় তিনি জানালা দিয়ে রেললাইনে একজনকে বসে থাকতে দেখেন। বিষয়টি জানানোর প্রস্তুতি নেওয়ার সময়েই কাটা পড়ে লোকটি। এ সময় ট্রেন খানিকটা থামিয়ে ঘটনা পর্যবেক্ষণ করে জিআরপি থানাকে জানান তিনি।