রেললাইনের আশপাশ থেকে বাজার উচ্ছেদ
নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম ২ নম্বর রেলঘুণ্টি এলাকার অবৈধ কাপড়ের বাজার উচ্ছেদ করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। গতকাল মঙ্গলবার সকালে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জিআরপি সূত্র জানায়, রেল চলাচল নির্বিঘ্ন করতে ওই এলাকায় রেললাইনের আশপাশে গড়ে ওঠা অবৈধ কাপড়ের বাজার উচ্ছেদ করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত করতে গত রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লেখে। এর পরিপ্রেক্ষিতে ঝুঁকি কমাতে রেলপথের উভয় পাশের ২০ ফুট করে জায়গা থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সকালে সৈয়দপুর জিআরপি থানার ওসি এ কে এম লুৎফর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক জিআরপি পুলিশ সদস্য উচ্ছেদ কাজে অংশ নেন। পুলিশ ওই এলাকার দুই শতাধিক অবৈধ দোকান গুঁড়িয়ে দেয়। ওসি লুৎফর রহমান বলেন, ‘রেললাইনের উভয় পাশের ২০ ফুট করে জায়গা নির্বিঘ্ন রাখার দায়িত্ব জিআরপির। কাজেই আমরা ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালিয়েছি।’
সৈয়দপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, রেলপথের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না। নতুন করে যাতে রেলপথ এলাকা দখল না হয়, সে জন্য ২ নম্বর রেলঘুণ্টি এলাকায় সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকবে।
গত সোমবার প্রথম আলোয় ‘রেললাইনের ওপর কাপড়ের বাজার, ঝুঁকিতে ট্রেন চলাচল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।