রেললাইনের ওপর কাপড়ের বাজার, ঝুঁকিতে ট্রেন চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের ওপর বসছে পুরোনো কাপড়ের বাজার। এসব দোকানে ভিড় করছেন শত শত নারী-পুরুষ। এতে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। কয়েক বছর ধরে শীত মৌসুমে বসছে ওই বাজার।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রেলওয়ে আইনে রেললাইনের উভয় পাশে অন্তত ২০ ফুট করে জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। সে অনুযায়ী, সৈয়দপুর রেলওয়ে কর্তৃপক্ষ উভয় পাশে পর্যাপ্ত জায়গা রেখে সীমানা নির্ধারণ করে বেড়া দিয়ে রেখেছে। ওই বেড়া অতিক্রম করে সৈয়দপুর রেলওয়ের রেলঘুণ্টি এলাকার দুই কিলোমিটারজুড়ে রেলপথ দখল করে গড়ে উঠেছে শতাধিক পুরোনো শীতবস্ত্রের দোকান। এর বেশির ভাগই বসছে রেললাইনের ওপর। এ এলাকায় মানুষের ভিড়ের কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া ওই স্থানে প্রায়ই ট্রেনে কাটা পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। তবে সৈয়দপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ এসব দোকান উচ্ছেদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন জানিয়েছে। গতকাল রোববারও পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের দপ্তরে পুনরায় এ ধরনের অভিযোগসংবলিত চিঠি পাঠিয়েছে সৈয়দপুর রেলওয়ে।
ওই এলাকায় যাঁরা দোকান বসিয়েছেন, তাঁদের একজন আবু তালেব। তিনি বলেন, ‘নিঃসন্দেহে জায়গাটি ঝুঁকিপূর্ণ। এরপরও অনেকে দোকান করছেন। আমরা করলে দোষ কী?’
সৈয়দপুর স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আলমগীর হোসেন বলেন, চালকেরা ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে ওই স্থান থেকে দোকানপাট উচ্ছেদের কথা বলে আসছেন। ট্রেন চলাচলের সুবিধা নিশ্চিত ও দুর্ঘটনার আশঙ্কার কথা ভেবে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, রেললাইনের ওপর পুরোনো কাপড়ের বাজার বসায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে উচ্ছেদ অভিযান চালানো হবে।