রেললাইনের ওপর ঝুলছে কেব্ল
চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক বাজার এলাকায় রেললাইনের ওপর দিয়ে একটি মুঠোফোন কোম্পানির কেব্ল টানা হয়েছে। ওই কেবলের জন্য এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ ৮ আগস্ট জাহিদ হাসান (১২) নামের এক মাদ্রাসার ছাত্র ওই কেবলে লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
১০ আগস্ট দুপুরে সরেজমিন দেখা যায়, উয়ারুক মধ্য বাজার এফ আলী সফিক কমপ্লেক্সের ওপর মুঠোফোন কোম্পানির রবির একটি টাওয়ার। ওই টাওয়ার থেকে দুটি কেব্ল বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে উয়ারুক বাজার রেলক্রসিং এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথের ওপর দিয়ে পূর্ব দিকে নেওয়া হয়েছে।
উয়ারুক বাজার রেলগেটের দায়িত্বপ্রাপ্ত গেটম্যান আবদুল খালেক বলেন, প্রায় পাঁচ বছর আগে কেব্লটি টানা হয়েছে। চলতি বছর এই কেবলে আঘাত পেয়ে তিনবার দুর্ঘটনা ঘটেছে।
৮ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে সুমন নামের একজন ব্যবসায়ী বলেন, মেহের স্টেশন থেকে সাত-আটটি মাদ্রাসার ছাত্র চাঁদপুরে যাওয়ার জন্য ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি উয়ারুক বাজার এলাকায় পৌঁছালে তাদের একজন কেব্লের আঘাতে দুই বগির মাঝখানে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
হাজীগঞ্জ-শাহরাস্তির দায়িত্বে থাকা রবির আঞ্চলিক ব্যবস্থাপক ইফতেখার বাশার বলেন, ‘দুই মাস আগে আমি একটি দুর্ঘটনার কথা কোম্পানির প্রকৌশল শাখায় জানিয়েছিলাম। সে সময় ওই শাখা থেকে আমাকে জানানো হয়েছিল আমাদের টাওয়ার থেকে এ ধরনের কেব্ল টানা হয়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে আমি আবার প্রকৌশল শাখায় কথা বলব।’