রেললাইনের ওপর বিকল ট্রেইলরকে ট্রেনের ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কনটেইনারবাহী ট্রেইলরের সঙ্গে বিজয় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। গতকাল সকাল ১০টার দিকে তোলা ছবি l প্রথম আলো
দুর্ঘটনা: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কনটেইনারবাহী ট্রেইলরের সঙ্গে বিজয় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। গতকাল সকাল ১০টার দিকে তোলা ছবি l প্রথম আলো

রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল ট্রেইলরটি। এ সময় ঘটে বিপত্তি। রেললাইনের ওপরই বন্ধ হয়ে যায় ট্রেইলরটি। এর কিছুক্ষণ পর ট্রেন ধাক্কা দেয় সেটিকে। এ ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে গতকাল সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ছয় ঘণ্টা বিচ্ছিন্ন ছিল।
রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত মাছের পোনা ব্যবসায়ী আসগর (২৬) তাঁর দুই ভাইসহ ট্রেনে করে লাকসাম থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর এক ভাই আহত হন। ট্রেইলরের চালক এবং আসগরের ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী ট্রেনটি ট্রেইলরকে ধাক্কা দিয়ে ৩০০-৪০০ ফুট পর্যন্ত টেনে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী নুরুন্নবী বলেন, ভোরে তিনি দেখেন রেললাইনের ওপর কয়েকজন ব্যক্তি একটি ট্রেইলরকে ঠেলছিলেন। কিছুক্ষণ পর চট্টগ্রামগামী একটি ট্রেন ট্রেইলরটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, ঘটনার সময় বাড়বকুণ্ড রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না।
সরেজমিন দেখা যায়, দুর্ঘটনাকবলিত ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন আংশিক ও চারটি বগি পুরোপুরি লাইনচ্যুত হয়। আর গুঁড়ো দুধবাহী ট্রেইলরটি দুই ভাগ হয়ে দুদিকে ছিটকে যায়। ট্রেইলরে থাকা কনটেইনারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে কনটেইনারে থাকা গুঁড়ো দুধ রেললাইনের ওপর ছড়িয়ে পড়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় বাড়বকুণ্ড রেলক্রসিংয়ের গেটম্যান বিপ্লব বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে বিভাগীয় প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, কনটেইনারবাহী ট্রেইলরে ৩১-৩২ টন গুঁড়ো দুধ ছিল। প্রায় সব দুধ নষ্ট হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানায়, দুর্ঘটনার পর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী সুবর্ণ, প্রভাতী ও সাগরিকা চট্টগ্রাম স্টেশনে এবং চট্টগ্রামগামী তূর্ণা, ঢাকা মেইল ও উদয়নসহ কয়েকটি ট্রেন সীতাকুণ্ডের উত্তরে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। গতকাল বেলা ১১টার দিকে আপ লাইন থেকে বগি ও ট্রেইলর সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত ডাউন লাইন থেকে একটি ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হয়। বাকি দুটি বগি রাতের মধ্যেই লাইনে তোলা হবে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী মাইনুদ্দীন বলেন, ‘গত সোমবার রাত আটটায় ময়মনসিংহ থেকে ট্রেনটি ছেড়ে আসে। ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়।’
ট্রেনটির চালক আবদুল জলিল ও তাঁর সহকারী আবদুর রহমান জানান, তাঁরা রেললাইনের ওপর ট্রেইলর দেখে অনেক দূর থেকে ভেঁপু বাজাচ্ছিলেন। কিন্তু গাড়ি সরতে না দেখে ট্রেন থামানোর চেষ্টা করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
এদিকে দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। চট্টগ্রামগামী তূর্ণা ও ঢাকা মেইলের যাত্রীদের অনেকে সড়কপথে চট্টগ্রামে আসেন।
নগরের নাসিরাবাদ এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সোমবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে যাত্রা করি। সীতাকুণ্ডের কাছাকাছি আমাদের ট্রেন থামানো হয়। ঘণ্টা দুয়েক অপেক্ষার পর আমি সড়কপথে চট্টগ্রামে আসি।’
কুমিল্লায় দুর্ঘটনা: নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জানিয়েছেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেন ও নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কুমিল্লা রেলস্টেশনের সহকারী মাস্টার শফিকুল ইসলাম বলেন, রেললাইনের একটি সংযোগস্থলে সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে। রাত ১১টা ২০ মিনিটে আখাউড়া জংশন থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন রওনা হয়।