রেললাইনের ওপর সারি সারি অবৈধ দোকান

রেললাইনের ওপর সারি সারি ফল ও শাকসবজির দোকান। ক্রেতাদের ভিড়। রেললাইনের ওপর দাঁড়িয়েই দরদাম করছেন ক্রেতারা। এমন সময় বেজে উঠল ট্রেনের হুইসেল। শুরু হয়ে গেল হইচই। ক্রেতা-বিক্রেতারা দ্রুত সরে পড়ায় ব্যস্ত হয়ে পড়লেন। কেউ আবার ছিলেন অন্যমনস্ক। তাঁদের অন্যরা টেনে সরিয়ে দিচ্ছিলেন।
সম্প্রতি এমন চিত্র দেখা যায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায়। এভাবেই প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্রেতা-বিক্রেতারা ভিড় করছেন সেখানে। ২ থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রেললাইনের ওপর বসানো হয়েছে শত শত অস্থায়ী ফল ও শাকসবজির দোকান। এ ছাড়া রেললাইনের দুই পাশে বসানো হয়েছে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান। এসব দোকানে প্রতিদিন ভিড় করে অসংখ্য মানুষ। দেখে মনে হয়, এটা কোনো স্থায়ী বাজার।
চার-পাঁচজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেল, নারায়ণগঞ্জের ব্যস্ততম চাষাঢ়ার কাছে হওয়ায় রেলগেট এলাকায় মানুষের যাতায়াত বেশি। এই রেললাইনের ওপর তাঁরা ১০-১৫ বছর ধরে ব্যবসা করছেন। দোকান ভাড়া দিতে হয় না। তবে প্রতিদিন স্থানীয় নেতারা প্রতিটি দোকানদারের কাছ থেকে ২০-৩০ টাকা করে চাঁদা তোলেন।
রেললাইনের ওপর ঝুঁকি নিয়ে দোকান বসানো মোহাম্মদ আলম নামের এক ফল বিক্রেতা বলেন, ‘জীবন মানেই রিস্ক (ঝুঁকি)। এখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। কখনো মন্ত্রী এলে আমাদের সরিয়ে দেওয়া হয়। তারপর আবার দোকান বসাই।’
২ নম্বর রেললাইনে দায়িত্বে নিয়োজিত লাইনম্যান মিজানুর রহমান বলেন, প্রতিদিন ৩২ বার ট্রেন চলাচল করে। দিনের বেলা ট্রেন এলে মানুষ ছোটাছুটি শুরু করে। কখনো ট্রেনের সঙ্গে মানুষ আটকে যায়। ছয় মাস আগেও একজন ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথম আলোকে বলেন, ‘এটা রেলের জায়গা। রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান চালানো উচিত। তারপরও আমরা কয়েকবার উচ্ছেদ করার চেষ্টা করেছি। কিন্তু এটার পেছনে অনেকের মদদ আছে। প্রশাসনেরও মদদ আছে।’
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রেলের ওপর থেকে দোকানপাট সরিয়ে দিতে আমরা রেল কর্তৃপক্ষকে অবহিত করেছি। তাদের অনুমতি পেলে শিগগিরই উচ্ছেদ করা হবে।’