রেললাইনের ওপর ‘হঠাৎ মার্কেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া রেলস্টেশনের ৩০০ গজ পূর্ব দিকে মধ্যবয়সী এক ব্যক্তি রেললাইনের ওপর দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিলেন অনবরত। কারণ স্টেশন থেকে একটি ট্রেন গাইবান্ধার বোনারপাড়ার দিকে রওনা দিচ্ছিল। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে রেললাইনের ওপর থাকা অস্থায়ী দোকানগুলো সরিয়ে নেওয়া হলো। ট্রেন চলে যাওয়ার পর আবার বসানো হলো সেগুলো।এভাবে প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর ব্যবসা চলছে। স্থানীয় লোকজন এর নাম দিয়েছে ‘হঠাৎ মার্কেট’। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের কতিপয় নেতার ছত্রচ্ছায়ায় এই ব্যবসা চলে আসছে। অভিযোগ রয়েছে, এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা টাকার ভাগ যায় রেলপুলিশসহ রেল বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর পকেটে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ সালে ক্ষমতাসীন দলের কিছু নেতার ছত্রচ্ছায়ায় রেলস্টেশনের কাছে হঠাৎ করেই এই মার্কেট গড়ে ওঠে। এ নিয়ে বেশ কিছুদিন লেখালেখি হলে মার্কেট কিছুদিন বন্ধ থাকে। পুনরায় চালু হলেও চাঁদা আদায় নিয়ে দেখা দেয় বিরোধ। এরপর গঠন করা হয় ‘রেলওয়ে হঠাৎ মার্কেট বাদুড়তলা’। মৃত্যুর ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর এই মার্কেট বছরের পর বছর চললেও প্রশাসন বা রেল বিভাগের কারও নজর নেই। এই রেললাইনের ওপর দিনে-রাতে ১৬টি ট্রেন যাতায়াত করে।সরেজমিনে গিয়ে জানা গেছে, সেখানে ২২০টি বিভিন্ন ধরনের দোকান বসে। এদের কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা আদায় করেন মিন্টু মিয়া নামের স্থানীয় এক যুবক। প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা চাঁদা ওঠে। এসব দোকানে কম দামের কাপড়সহ অন্যান্য পণ্য পাওয়া যায় বলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কেনাকাটা করতে আসেন। ঝুঁকিপূর্ণ এই মার্কেটে গত দুই বছরে চারটি ঘটনায় এক কলেজছাত্রীসহ চারজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ঘটনার পর কয়েক দিন দোকান বসা বন্ধ থাকে। পরে আবার স্বাভাবিক হয়ে আসে।বগুড়ার কাহালু উপজেলার জামাদার পুকুর গ্রামের গৃহবধূ শাহনাজ বেগম বলেন, ‘এই মার্কেটে জিনিসের দাম কম দেখে আসি। ট্রেন আসলে দৌড় মারি।’ নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার দম্পতি হালিমা বেগম ও শাহজাহান আলী বাজার করতে এসে বলেন, ঝুঁকি নিয়ে এখানে মার্কেট করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার জানান, ঠিকমতো ১০০ টাকা করে চাঁদা না দিলে এখানে দোকান বসাতে দেয় না। এই টাকা বিভিন্ন জায়গায় দিতে হয় বলে আদায়কারীরা জানিয়েছেন।চাঁদা আদায়কারী মিন্টু মিয়া দাবি করেন, তিনি আগে টাকা তুলতেন। এখন তোলেন না। পরে তিনি বলেন, মাসে ১১-১২ হাজার টাকা তোলা হয়। তার মধ্যে নয় হাজার টাকা রেলপুলিশকে দিতে হয়। বাঁশি যিনি বাজান তাঁকে দিতে হয় তিন হাজার টাকা। বগুড়া রেলস্টেশনে অবস্থিত বোনারপাড়া রেল থানার কর্মকর্তা আশরাফুল হক টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। বগুড়ার স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন নেতা অবৈধভাবে দোকান বসিয়ে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দোকান থেকে চাঁদা আদায় করছেন। কিন্তু বলা হচ্ছে, রেলের লোকজনকে টাকা দিয়ে এসব কাজ করছেন। এটা ঠিক না। তিনি জানান, রেল পরিবহন বিভাগের কিছু কর্মকর্তা মার্কেটটি দেখে আগামী ১৫ দিনের মধ্যে এই ‘হঠাৎ মার্কেট’ উচ্ছেদের নির্দেশ দিতে বলেছেন। সে অনুযায়ী গত সোমবার রেলের ভূমি বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।