রেললাইনের ওপরে মাংসের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর দোকান গড়ে মাংস বিক্রি করা হচ্ছে। এ ছাড়া রেললাইনের দুই পাশে কাপড়, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। এখানে প্রচুর ক্রেতার সমাগমও হচ্ছে।মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের কাছে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের টি৭২ নম্বর রেলঘুমটির পাশে রেললাইনের ওপর চৌকি বিছিয়ে বসানো হয়েছে গরুর মাংসের ১০-১২টি দোকান। আর রেললাইনের দুই পাশে বসানো হয়েছে অস্থায়ী কাপড়, ফল ও রকমারি পণ্যের দোকান। সকাল সাড়ে নয়টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আসছে দেখে মাংস ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেনটি কাছে এসে হুইসেল দেওয়ার পর তাঁরা চৌকিগুলো ধরাধরি করে রেললাইন থেকে সরিয়ে নেন। ট্রেন চলে যাওয়ার পর আবার সেগুলো এনে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন।মাংস ব্যবসায়ী রমজান আলী বলেন, ‘বাজারে জায়গা না পেয়ে রেললাইনের পাশে দোকান বসিয়েছি। ট্রেন আসার আগে আমরা দোকান নিরাপদ দূরত্বে সরিয়ে নেই।’ আরেক মাংস ব্যবসায়ী মো. মর্তুজা বলেন, ‘রেলের লোকজন এলে আমরা দোকান সরিয়ে নেই। তারা চলে গেলে আবার যে যার জায়গায় দোকান বসিয়ে দেই।’ঠাকুরগাঁও রোড খানকা শরিফের বাসিন্দা আবুল মনসুর সরকার বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি রেলঘুমটির পাশে মাংসের দোকান বসে। এখন সেই দোকানগুলো আবার রেললাইনের ওপর বসতে শুরু করেছে। রেললাইনের ওপর দোকান বসায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।’ ইসলামনগরের সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘ঝুঁকির কথা ভেবে পৌর কর্তৃপক্ষের রেললাইনের পাশ থেকে দোকানপাট সরিয়ে নিয়ে মাংস কেনাবেচার জন্য স্থায়ী শেড করে দেওয়া উচিত।’ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের মাস্টার মো. মজনুর রহমান জানান, রেলওয়ে আইন অনুযায়ী রেলপথের উভয় পাশের ২০ ফুট এলাকায় কোনো ধরনের স্থাপনা গড়া যাবে না। রেলপথ এলাকা সংরক্ষিত হওয়ায় সেখানে অবাধ চলাচল সীমিত করা হয়েছে। মাঝেমধ্যে ঠাকুরগাঁও রোড স্টেশনের আশপাশ থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে তাঁরা আবার দোকানপাট বসান। পৌর মেয়র এস এস এ মঈন বলেন, ‘রেললাইনের ওপর দোকানপাট বসলে দুর্ঘটনা ঘটতেই পারে। ঝুঁকির কথা ভেবে মাংস কেনাবেচার জন্য পৌরসভা থেকে একটি স্থায়ী শেড নির্মাণ করে দেওয়ার কথা ভাবছি।’