রেললাইনের কাছে পশুর হাট বসানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রেললাইনের কাছাকাছি ফাঁকা রেলভূমি বা রেলওয়ের মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট না বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহাসড়ক ও সড়কপথে যাতে পশুর হাট না বসে, সে জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠি গতকাল সোমবার সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কোরবানির হাটে গবাদিপশুসহ প্রচুর জনসমাগম ঘটে। ফলে রেললাইনের কাছাকাছি পশুর হাট বসানো হলে তা জনগণ ও গবাদিপশুর জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। নির্বিঘ্ন ট্রেন চলাচলের জন্য রেললাইনের পাশের স্থানে পশুর হাট বসানো থেকে বিরত থাকতে এখনই ব্যবস্থা নিতে হবে।
এর আগে কোনো রেললাইনের ওপর কিংবা পাশে পশুর হাট যাতে বসতে না পারে, সে বিষয়ে রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
গতকাল স্থানীয় সরকার বিভাগে কোরবানির পশুর বিষয়ে সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে ইমামদের মাধ্যমে সিটি করপোরেশন ও পৌরসভার নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবে। কোরবানির পশু জবাই করার স্থান এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে সহজে পশু আনা যায়। পশু কোরবানির পর পরিত্যক্ত বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় যান-যন্ত্রাদি প্রস্তুত রাখতে হবে। জবাই করার প্রতিটি স্থানে নেতৃত্ব দেওয়ার জন্য কাউন্সিলরের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। ঈদের তিন দিন আগ থেকে মাইকের মাধ্যমে এলাকাভিত্তিক প্রচারণা চালাতে হবে। প্রচারণার বক্তব্য ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
রাজধানীতে জনদুর্ভোগের কথা চিন্তা করে এবার পশুর অস্থায়ী হাট নগরের ভেতর থেকে বিভিন্ন পাশে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। এবার আরমানিটোলা খেলার মাঠে পশুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা।
পশুর হাটের কারণে নগরবাসীকে যেন যানজটসহ অন্যান্য ভোগান্তিতে না পড়তে হয়, সে জন্য এবার পাঁচটি পশুর হাটের স্থান বাতিল করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সূত্র বলেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় হাসপাতাল ও জনবহুল এলাকার কাছাকাছি গত বছর কিছু পশুর হাট বসানোর কারণে রোগী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছিল। সে জন্য এবার পাঁচটি হাটের স্থান বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারিধারা জে ব্লকের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ-সংলগ্ন খালি জায়গা এবং বনানী রেলস্টেশন-সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাট।