রেললাইনের ক্লিপ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশন থেকে মনু রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ক্লিপ চুরি হচ্ছে। এ অবস্থায় ওই পথে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রেললাইনের পাতকে কাঠ বাস্লিপারের সঙ্গে আটকে রাখতে ক্লিপ (হাতুড়ি আকারের লোহার খণ্ড) ব্যবহার করা হয়। একটি স্লিপারের দুই পাশে চারটি করে ক্লিপ থাকে। দীর্ঘদিন ধরে দুর্বৃত্তরা এসব ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুলাউড়া জংশন, লংলা, ছকাপন, টিলাগাঁও ও মনু রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থানে বেশ কিছু ক্লিপ নেই। এসব জায়গার ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা। খানিক দূর পর পর কয়েকটি ক্লিপ লাগানো আছে।
রেললাইনের আশপাশের এলাকার কয়েকজন বলেন, রাতে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে ভেঙে অথবা ব্লেড দিয়ে কেটে এসব ক্লিপ চুরি করে নিয়ে যায়।
কুলাউড়া জংশন রেলস্টেশনে নাম প্রকাশ না করার শর্তে একজন ট্রেনচালক বলেন, ক্লিপ না থাকায় রেললাইন নড়বড়ে হয়ে পড়ে। এর ফলে যেকোনো সময় ট্রেন লাইনচ্যুত হতে পারে। এ ব্যাপারে সিলেটের মোগলাবাজার রেলস্টেশন থেকে হবিগঞ্জের লস্করপুর রেলস্টেশন পর্যন্ত এলাকার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) এরফানুর রহমান মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে ক্লিপ চুরি হচ্ছে। এই অপতৎপরতা ঠেকাতে চার-পাঁচ বছর আগে বেশ কিছু ক্লিপকে রেললাইনের সঙ্গে ঝালাই (ওয়েল্ডিং) করে দেওয়া হয়। এর পরও তা ঠেকানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া কিছু ক্লিপ নষ্টও হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ক্লিপ চুরির তথ্য পাওয়া গেলে রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর জানামতে ক্লিপ চুরির ব্যাপারে থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের ঢাকার বিভাগীয় প্রকৌশলী-২ আরমান হোসেন মুঠোফোনে বলেন, আখাউড়া রেলপথের বিভিন্ন স্থানে ফাঁকে ফাঁকে ক্লিপ নেই। জরুরি কাজের জন্য বিভিন্ন রেলস্টেশনে কিছু স্লিপার ও ক্লিপ মজুত থাকে। কোনো স্থান ঝুঁকিপূর্ণ মনে হলে সেখানে পাশের কোনো রেলস্টেশন থেকে ক্লিপ এনে স্থাপন করা হয়। তবে ক্লিপ বরাদ্দের বিষয়টি সংশ্লিষ্ট সরবরাহকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে বরাদ্দ পেলে তা সংশ্লিষ্ট এলাকায় দ্রত পাঠিয়ে দেওয়া হবে।