রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের উখিয়ার ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার দীর্ঘ রেললাইন সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন। নকশা অনুযায়ী ভূমি অধিগ্রহণের জন্য গত সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমি পরিচিহ্নিত করা হয়। এর আগে ১১ জানুয়ারি কক্সবাজার সদর ও রামু উপজেলায় এ কাজ করা হয়েছে।কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ গতকাল মঙ্গলবার জানান, মাঠ পর্যায়ে ভূমি পরিচিহ্নিত কাজ দ্রুত শেষ করে আগামী জুন মাসের মধ্যে রেলপথের ভূমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে। এই রেললাইনটি সম্প্রসারণ করতে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার দোহাজারী, চন্দনাইশ, লোহাগাড়া, আমিরাবাদ, সাতকানিয়া, চকরিয়া, ঈদগাঁও, রামু ও কক্সবাজার সদর উপজেলায় এক হাজার ৪১১ একর জমি অধিগ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৫৩ কোটি টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০০ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এই অর্থের জোগান দিচ্ছে।সংশ্লিষ্ট সূত্রমতে, প্রস্তাবিত ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডরের নকশা অনুযায়ী বাংলাদেশ অংশের রেলপথটি দর্শনা-ঈশ্বরদী-যমুনা সেতু-জয়দেবপুর-টঙ্গী-আখাউড়া-চট্টগ্রাম-দোহাজারী-চকরিয়া-রামু-ঘুমধুম হয়ে মিয়ানমারে প্রবেশ করবে।সূত্র জানায়, দোহাজারী থেকে ধুমঘুম ১২৮ কিলোমিটার রেলপথের বিভিন্ন স্থানে নির্মাণ করা হবে নয়টি স্টেশন। আগামী বছরের জানুয়ারিতে দরপত্র আহ্বান করে রেলপথের নির্মাণকাজ শুরু করা হবে। গত বছরের ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক কাউন্সিল (একনেক) প্রকল্পটি অনুমোদন দেয়।