রেললাইনের জায়গা পরিদর্শনে এডিবির প্রতিনিধিদল
এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধিদল গতকাল সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের জন্য প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেছে। পরে প্রতিনিধিদলটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এডিবির যোগাযোগ বিশেষজ্ঞ মার্কাস রোজনার। আরও ছিলেন এডিবির সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ এলোইস ফ্লোইট, পরিবেশ বিশেষজ্ঞ কর্মা ইয়ামজোন, যোগাযোগ বিশেষজ্ঞ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) এস কে চক্রবর্তীসহ রেলওয়ের কর্মকর্তারা।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, প্রস্তাবিত দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের জন্য নির্ধারণ করা কিছু জায়গা রেলওয়ের জিএমসহ এডিবির কর্মকর্তারা পরিদর্শন করেন। বারদোনা এলাকায় একটি দিঘি থাকায় ওই দিঘির ক্ষতি না করে কীভাবে রেললাইন স্থাপন করা যায়, এ নিয়ে প্রতিনিধিদলটি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে।