রেললাইনের দুই পাশে আবার অবৈধ স্থাপনা
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় উচ্ছেদের এক মাসের মধ্যে আবার রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এতে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ঢাকা, রাজশাহী ও খুলনায় মোট আটটি ট্রেন চলাচল করে।
বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী, রেলপথ বিপজ্জনক ও সংরক্ষিত এলাকা। রেললাইনের উভয় পাশের ২০ ফুট জায়গায় ১৪৪ ধারা জারি থাকে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর শহরের ডাকঘর মোড়ের ২ নম্বর রেলঘুমটি থেকে দক্ষিণ বানিয়াপাড়া পর্যন্ত রেললাইনের দুই পাশে পুরোনো কাপড়ের অনেক দোকানসহ কাঁচা-পাকা অবৈধ স্থাপনা রয়েছে। ক্রেতারা রেললাইন ব্যবহার করে এসব দোকানে এসে কেনাকাটা করছেন। এ ছাড়া রেললাইনের ওপর বসেই কিছু ফেরিওয়ালা পণ্য বিক্রি করেন। রেললাইনের ওপর মানুষের ভিড় লেগেই থাকে। এ কারণে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমানের নেতৃত্বে ২ নভেম্বর ওই ২ কিলোমিটার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আবার এসব স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, চলতি বছর এ এলাকায় ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, আবার গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নিতে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগকে গত ২৮ নভেম্বর চিঠি পাঠানো হয়েছে।