মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের উভয় পাশের ভূমির বন্দোবস্ত বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে জাতীয় উদ্যান এলাকায় ভবিষ্যতে ভূমি বন্দোবস্ত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের দুই পাশের টিলাভূমি কতিপয় ব্যক্তিকে বন্দোবস্ত দেওয়া হয়। তাঁরা টিলাভূমির গাছপালা-ঝোপঝাড় পরিষ্কার করে চাষাবাদ শুরু করেন। এই বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়ে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, রেললাইনের উভয় পাশের ভূমি বন্দোবস্ত প্রদান করলে সব উদ্ভিদ নষ্ট এবং বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যাবে।
এ বিষয়ে গত ৭ আগস্ট প্রথম আলোয় ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান: রেললাইনের দুই পাশের ভূমি কৃষকদের বন্দোবস্ত’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চাষের জন্য দেওয়া ভূমির বন্দোবস্ত বাতিল করেছে। একই সঙ্গে উদ্যান এলাকায় ভূমি বন্দোবস্ত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বন্দোবস্ত বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে আনুষ্ঠানিকভাবে বন্দোবস্ত বাতিল করেছে। ভবিষ্যতেও আর বন্দোবস্ত দেবে না।
রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘লোকজন বন্দোবস্ত নিয়ে বন কেটে চাষবাস শুরু করেছিল। এতে পরিবেশ-প্রতিবেশ নষ্ট হচ্ছিল। পশুপাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই এলাকা জাতীয় উদ্যানের মধ্যে পড়েছে। এক সপ্তাহ আগে বন্দোবস্ত বাতিল করা হয়েছে। আর বন্দোবস্ত দেওয়া হবে না।’