চাষের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের উভয় পাশের বনভূমি বন্দোবস্ত দিচ্ছে রেল কর্তৃপক্ষ। প্রায় এক কিলোমিটার এলাকার কয়েকটি স্থানে ইতিমধ্যে টিলাভূমির গাছপালা, ঝোপঝাড় পরিষ্কার করে পান ও লেবু চাষ শুরু করা হয়েছে। এতে বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। হুমকির মুখে পড়েছে পরিবেশ।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে যাঁদের বন্দোবস্ত দেওয়া হয়েছে, তা বাতিল করতে ও নতুন করে প্রক্রিয়াধীন বন্দোবস্ত বন্ধে বন বিভাগের শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান গত ১৭ জুলাই এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো ২১ জুলাই রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাকে (এস্টেট অফিসার) চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, সহকারী বন সংরক্ষক ১ জুলাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দেখতে পান, রেললাইনের দুই পাশের উঁচু টিলার ওপরের বিস্তৃত এলাকার গাছপালা, ঝোপ-জঙ্গলসমৃদ্ধ বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস করে পান ও লেবু চাষ শুরু করা হয়েছে। পরে তিনি জানতে পারেন, রেল কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন বাসিন্দাকে এ জমি চাষাবাদের জন্য বন্দোবস্ত দিয়েছে। বাঘমারা এলাকার মো. হিরণ মিয়া, মো. বশির মিয়াসহ কয়েকজন তাঁকে (সহকারী বন সংরক্ষক) বলেন, তাঁরা ১৪ থেকে ১৫ জন ওই ভূমি কৃষিকাজে ব্যবহারের জন্য বন্দোবস্ত চেয়ে দুই বছর আগে আবেদন করেছিলেন। এই প্রেক্ষাপটে তাঁদের নামে চাষের অনুমতির সনদ ও বন্দোবস্ত দেওয়া হয়। উভয় পাশে রেললাইন থেকে ৩০ ফুট বাদ দিয়ে ৭০ ফুটের মধ্যে চাষাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, রেললাইন স্থাপনের অনেক আগেই লাউয়াছড়া জাতীয় উদ্যানকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করা হয়। এ উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনের উভয় পাশে এখনো পাহাড়-টিলা রয়েছে। যেখানে বন্য প্রাণীর বাসস্থান রয়েছে। এ অবস্থায় বন্দোবস্ত দিলে উদ্যানের বন্য প্রাণীর আবাসস্থলের একটি উল্লেখযোগ্য অংশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এই উদ্যানে এমন কিছু বন্য প্রাণী আছে, যেগুলো পৃথিবীর অনেক দেশে নেই। সম্প্রতি আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন ফর নেচার) বিশ্বব্যাপী প্রাণিকুলের অবস্থাবিষয়ক একটি প্রতিবেদন তৈরি করেছে। যেখানে এ উদ্যানের বেশ কয়েকটি বিরল প্রাণীর নাম অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া দেশে জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের পরেই লাউয়াছড়ার অবস্থান। সার্বিক বিষয় বিবেচনায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বুক চিরে যাওয়া প্রায় পাঁচ কিলোমিটার জায়গার রেললাইনের উভয় পাশের জমি বন্দোবস্ত না দেওয়া এবং ইতিমধ্যে বন্দোবস্ত দেওয়া হয়ে থাকলে তা বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হলো।
জানতে চাইলে বন বিভাগের শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান গত রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি পরিদর্শনে গেলে চাষিরা আমাকে বন্দোবস্তের কাগজ দেখান। তাঁদের মধ্যে হিরণ মিয়ার ২ দশমিক ৩৮ একরের মতো বন্দোবস্ত চূড়ান্ত হয়েছে। অন্যদের বন্দোবস্ত প্রক্রিয়াধীন। তাঁরা দুই-তিন একরের মতো জায়গার আবেদন করেই কাজ শুরু করেছেন। এটা খুবই অন্যায় কাজ। আর রেলওয়ে এত গরিব হয়ে গেছে, লাউয়াছড়ার জায়গা বন্দোবস্ত দিয়ে টাকা সংগ্রহ করতে হচ্ছে। রেল কী করতে চাইছে বুঝতে পারছি না।’
রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম সোমবার বলেন, ‘আমি নতুন দায়িত্বে এসেছি। আমার আগে বন্দোবস্ত দেওয়া হয়ে থাকতে পারে। এ-সংক্রান্ত তথ্য না জেনে বলতে পারব না।’