রেললাইনের দোকান উচ্ছেদ হলেও বস্তি সরেনি
রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড পর্যন্ত রেললাইনের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হলেও রয়ে গেছে বস্তিঘরগুলো। রেলওয়ের নিয়ম অনুযায়ী, রেললাইনের দুই পাশে ১০ ফুটের মধ্যে সাধারণের চলাচল নিষিদ্ধ হলেও বস্তির বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন।
গত বৃহস্পতিবার কারওয়ান বাজারের মাছের আড়তসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন। পরদিন কর্তৃপক্ষ কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড পর্যন্ত রেললাইনের দুই পাশে ৭০টি দোকান উচ্ছেদ করে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্ছেদ করা দোকানের বিভিন্ন অংশ পড়ে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে রিট করা হয়েছে। রিটের নিস্পত্তি না হওয়া পর্যন্ত বস্তি উচ্ছেদ করা যাচ্ছে না।
তবে এলাকাবাসী ও উচ্ছেদ হওয়া দোকানমালিকেরা অভিযোগ করেন, এটি রেল কর্তৃপক্ষের ‘লোক দেখানো’ অভিযান। কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন রেলক্রসিং পর্যন্ত রেললাইনের পাশে গড়ে উঠেছে কয়েক হাজার বস্তিঘর। এসব বস্তির কিছু ঘর আবার দোকান, ক্যারম খেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ক্লাব হিসেবে ব্যবহৃত হয়।