রেললাইনের ধারে ৪৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও তাঁর স্ত্রী জোছনা বেগম।  প্রথম আলো
মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ও তাঁর স্ত্রী জোছনা বেগম। প্রথম আলো

• মুক্তিযোদ্ধার নাম আমজাদ হোসেন (৬৫) 
• ভ্যান চালিয়ে সংসার চালাতেন
• কয়েক বছর মুক্তিযোদ্ধা ভাতা পেলেও এখন পাচ্ছেন না
• এখন তিনি অসুস্থ

যুদ্ধ শেষে ফিরে এসে দেখেন, ঘরবাড়ি ভেঙে নদীতে। স্ত্রীকে নিয়ে এক বছর আত্মীয়স্বজনের বাড়িতে কাটান। তারপর রেললাইনের ধারে একটি টংঘর তোলেন। ৪৬ বছর ধরে সেখানেই আছেন। ভ্যান চালিয়ে চালাতেন সংসার।

এখন তিনি অসুস্থ। উপার্জনক্ষম ছেলেটি মারা গেছেন। স্ত্রী জোছনা বেগম এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে দুজনকে বাঁচিয়ে রেখেছেন। কয়েক বছর মুক্তিযোদ্ধা ভাতা পেলেও এখন আর তা–ও পাচ্ছেন না।

এই মুক্তিযোদ্ধার নাম আমজাদ হোসেন (৬৫)। তাঁর বাবার নাম বাহার উদ্দিন। প্রথমে তাঁর বাড়ি ছিল নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামে। নদীভাঙনে সেই বাড়িঘর ভেঙে গেছে। পরে উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর গ্রামে রেললাইনের ধারে বসবাস করছেন।

গত রোববার আমজাদ হোসেনের টংঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তারপর আনসার বাহিনীতে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। তিনি ৭ নম্বর সেক্টরের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হল অপারেশন করে নাটোরে এসে অস্ত্র জমা দেন। যুদ্ধের পর বাড়িঘর ছিল না। নদীভাঙনে তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন। এক বছর আত্মীয়ের বাড়িতে ছিলেন। সেই আত্মীয় রেলওয়ের পয়েন্টম্যান পদে চাকরি করতেন। তিনিই কর্তৃপক্ষকে বলে রেললাইনের ধারে এই টংঘর তোলার ব্যবস্থা করে দেন।

যুদ্ধের পর কোনো কাজ না পেয়ে তিনি রিকশা-ভ্যান চালাতে শুরু করেন। শ্বাসকষ্ট ও বয়স বাড়ার কারণে আর ভ্যান চালাতে পারেন না। তাঁর দুই ছেলে। বড় ছেলের নাম মুক্তার হোসেন। তিনি চট্টগ্রামে পরিবার নিয়ে থাকেন। তিনিও রিকশা চালান। তাঁর সংসার ঠিকমতো চলে না। ছোট ছেলে মুকুল হোসেন ভটভটি চালাতেন। তিনি টাকাপয়সা দিয়ে বাবাকে সাহায্য করতেন। তিনি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। পরে দেড় বছর আগে তিনি মারা যান। ছেলে মারা যাওয়ার পরে তিনি একেবারে নিরুপায়।

স্ত্রী জোছনা বেগম বলেন, তিনি মানুষের বাড়িতে এখন ভিক্ষা করে সংসার চালান। প্রতি মাসে একবার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে কিছু ওষুধ নেন। যেগুলো সরকারি হাসপাতালে পাওয়া যায় না, তা কেনার জন্য লোকজনের কাছে হাত পাততে হয়।

আমজাদ বলেন, ২০১০ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সোনালী ব্যাংকের লালপুর শাখার মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করেছেন। ২০১৪ সালের মুক্তিযোদ্ধাদের কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই শুরু হলে একজন মুক্তিযোদ্ধা-নেতা তাঁর কাছে ৩০ হাজার টাকা চেয়েছিলেন। বলেছিলেন, এই টাকা না দিলে তাঁর কাগজ যাবে না। তিনি টাকা জোগাড় করতে পারেননি। ওই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের ভাতা একসঙ্গে ১৫ হাজার টাকা পান। এটিই শেষ। এরপর তাঁর ভাতা বন্ধ হয়ে যায়। এবার যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় তাঁর নাম রয়েছে। কিন্তু কবে গেজেট হবে। তত দিন তিনি বেঁচে থাকবেন কি না জানেন না।

লালপুর উপজেলায় বর্তমানে মুক্তিযোদ্ধার কোনো কমান্ডার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। যোগাযোগ করা হলে তিনি এই কমিটির সদস্যসচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

যোগাযোগ করা হলে সমাজসেবা কর্মকর্তা তানভীর বুলবুল খান বলেন, তাঁর কাছে শুধু ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে। সর্বশেষ যাচাই-বাছাইয়ে যে নাম পাঠানো হয়েছে, এ বিষয়টি তিনি ফাইলপত্র না দেখে বলতে পারছেন না। তিনি রুহুল আমিন নামের একজন মুক্তিযোদ্ধার মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, আমজাদ হোসেন একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আগে ভাতা পেয়েছেন। ২০১৪ সালে যাচাই-বাছাইয়ের সময় কোনো কারণে তাঁর কাগজপত্র বোর্ডে উপস্থাপন করা হয়নি। এবার তাঁকে মনোনীত করে চূড়ান্ত তালিকায় নাম পাঠানো হয়েছে। গেজেট হলে তিনি ভাতা পাবেন।