ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি রেললাইন পাথরশূন্য হয়ে পড়ছে। একটি চক্র রেললাইনের পাথর প্রায়ই চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলছে আটটি ট্রেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও ট্রেন চালকেরা।জানা যায়, ময়মনসিংহ থেকে ভৈরব রেলওয়ে জংশন পর্যন্ত প্রায় ৫৮ কিলোমিটার লাইনের বিভিন্ন জায়গা পাথরশূন্য হলেও ঈশ্বরগঞ্জ থেকে সোহাগী স্টেশন হয়ে আঠারবাড়ি পর্যন্ত ১৮ কিলোমিটার রেলপথের পাথর চুরির মাত্রা তীব্র আকার ধারণ করেছে।সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, পাথর সরিয়ে নেওয়ায় কোথাও কোথাও স্লিপারের নিচ থেকে মাটি সরে গেছে। ইটের সুরকির সঙ্গে পাথর মিশিয়ে অনেকে নিজ বাড়ির নির্মাণকাজে ব্যবহার করছেন।আঠারবাড়ি সদরের বাসিন্দা তাপস কর (৩৫) জানান, স্লিপার ধরে রাখার পাথর দিয়ে শোভাবর্ধন করা হচ্ছে আশপাশ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির। তিনি বলেন, ‘এ বিষয়ে রেলওয়ের প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় রেললাইন পাথরশূন্য হয়ে যাচ্ছে।’আঠারবাড়ি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াকুব আলী, আঠারবাড়ির জীবন চন্দ্র দেব, আবদুর রহিম, সাহাদাত হোসেন জানান, দেখভালের অভাবে রেললাইন থেকে পাথর চুরি হচ্ছে অবাধে। কোথাও আবার স্লিপারের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।ট্রেনের চালক আবদুস সালাম ও হেকমত আলী জানান, রেললাইনে স্লিপারের নিচে প্রয়োজনীয় পাথর না থাকায় ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে হয়। ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ি লাইনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।আঠারবাড়ি রেলওয়ে স্টেশনের মাস্টার শাহজাহান মিয়া জানান, ২৪ ঘণ্টায় এদিক দিয়ে প্রতিদিন চারটি আপ ও চারটি ডাউন ট্রেন চলাচল করে। ওই লাইন দেখভালের দায়িত্ব রেল প্রকৌশল বিভাগের। তাদের পাথর চুরি যাওয়ার ঘটনা জানানো হয়েছে।ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার এস এন ভট্টাচার্য্য বলেন, শুধু পাথর নয়, একটি চক্র লাইনের লোহা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। গত ২৩ মার্চ ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি লাইনের পৌরসদর ধামদী এলাকায় লাইনের সংযোগ থেকে বিপুল পরিমাণ লোহা চুরি যায়।ময়মনসিংহ রেলওয়ের সহকারী প্রকৌশলী হামিদুর রহমান জানান, স্লিপারের পাথর চুরির ব্যাপারে সুনির্দিষ্ট আইন থাকলেও প্রয়োগ না থাকার ফলে রেললাইন পাথরশূন্য হয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রত্যেক স্টেশনে ১৪ জন কর্মচারী থাকার কথা থাকলেও নিয়োগ জটিলতায় এক থেকে দুজন কাজ করছেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।