রেললাইনের পাশ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। নিহত যুবকের নাম রেজাউল করিম (২৪)। তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার হরিপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। আজ সোমবার বেলা ১১টায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, মৃতদেহের সঙ্গে থাকা পরিচয়পত্র (কলেজের আইডি কার্ড) থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত রেজাউল জামালপুর জেলার মেলান্দহ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।