রেললাইনের পাশে খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস রেলগেট এলাকায় গতকাল সোমবার বিকেলে ট্রেনের ধাক্কায় সুমাইয়া নামে ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে। সে রেললাইনের পাশে খেলার সময় এ ঘটনা ঘটে বলে তার স্বজনেরা জানিয়েছেন।
শিশুটির মা রেহানা বেগম জানান, মগবাজারের বাগানবাড়ি এলাকায় তাঁরা থাকেন। সুমাইয়ার বাবা নুরুল ইসলাম ওমানপ্রবাসী। বাগানবাড়ি এলাকায় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সুমাইয়া। বিকেলে সে ওয়্যারলেস রেলগেট এলাকায় খেলছিল। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেল পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার স্বজনেরা জানান, দুই ভাইবোনের মধ্যে সুমাইয়া ছোট ছিল।
রেল পুলিশের ঢাকা থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় শিশুটি আহত হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।