রেললাইনের পাশে প্রাচীরবিহীন বিদ্যালয়, ঝুঁকিতে শিক্ষার্থীরা
রেললাইনের এক পাশে বিদ্যালয়, অপর পাশে দোকান। সীমানাপ্রাচীর না থাকায় সুযোগ পেলেই ঝুঁকি নিয়ে দোকানে ছুটছে শিক্ষার্থীরা। এ জন্য তাদের যেকোনো সময় ট্রেনে কাটা পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বিদ্যালয়ের মাঠের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে ৩ ফুট প্রস্থের একটি নালা। ঝুঁকি নিয়ে সরু একটি পিলারের ওপর দিয়ে নালা পার হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। আর এভাবে নালা পার হতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই আহত হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ একটি ভবনে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। নরসিংদী পৌর এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টি হলো বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার প্রাণকেন্দ্রে রেললাইনের পাশে বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯২৯ সালে। ১৯৯৪ সালে বিদ্যালয়টিতে একটি দোতলা ভবন ও ২০০৮ সালে একতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে দোতলা ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের শ্রেণিকক্ষের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। সেখানেই ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সীমানাপ্রাচীর না থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে দৌড়ে যাচ্ছে রেললাইনের পাশের দোকানে। বিদ্যালয় মাঠের ভেতর দিয়ে প্রবাহিত নালার ওপর দেওয়া সরু পিলারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে শ্রেণিকক্ষে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নালা পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত ২৭ আগস্ট বিদ্যালয় ছুটির পর পিলার থেকে পা পিছলে নালায় পড়ে গিয়ে আহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। এসব সমস্যা নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানালেও কোনো কাজ হয়নি। বিদ্যালয়টিতে বতর্মানে ৫৪৫ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নাসরীন সুলতানা বলেন, বিদ্যালয়ের প্রথম ভবনটি রেললাইনের একেবারে পাশে হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে সীমানাপ্রাচীর না থাকায় বাচ্চাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তারা ক্লাসের ফাঁকে দৌড়ে ঝুঁকি নিয়ে রেললাইনের ওপারে দোকানে চলে যায়। বিদ্যালয়ের মাঠ যেটুকু আছে, তার মধ্য দিয়ে নালা প্রবাহিত হয়েছে। এসব সমস্যা নিয়ে বিদ্যালয় পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল আহম্মেদ বলেন, বিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে একাধিকবার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল হাওলাদার বলেন, সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করে সীমানাপ্রাচীর, নালা ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ ভবনসহ সার্বিক বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।