রেললাইনের পাশের গাছ কেটে দেওয়ায় অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের রেলগেট থেকে দৌলতদিয়াঘাটগামী রেললাইনের পাশে রোপণ করা বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ গতকাল বৃহস্পতিবার কেটে ফেলেছে রেলওয়ের লোকজন। এর প্রতিবাদে স্থানীয় জনতা রেললাইন অবরোধ করেছে।স্থানীয় লোকজন জানান, ২০১১ সালের জুলাইয়ে স্থানীয় সামাজিক সংগঠন একজ জাগরণ দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের রেলগেট থেকে শুরু করে দৌলতদিয়াঘাটগামী রেললাইনের প্রায় দুই কিলোমিটার অংশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করে। গতকাল দুপুরে রেলওয়ের কর্মীরা বেশ কিছু গাছের মাঝামাঝি কেটে ফেলেন। অনেক গাছের মগডালসহ ডালপালা কেটে ফেলা হয়। এ সময় একজ জাগরণের সদস্যরা এতে বাধা দেন। পরে বেলা সোয়া একটার দিকে নকশিকাঁথা মেইল ট্রেন দৌলতদিয়াঘাট থেকে গোয়ালন্দবাজার রেলস্টেশনে এসে পৌঁছালে স্থানীয় কয়েক শ মানুষ রেললাইনের ওপর বসে ও কাটা গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। পরে রেলওয়ের কর্মকর্তা, গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জনতাকে বোঝালে বেলা আড়াইটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।একজ জাগরণের আহ্বায়ক সুজন সরওয়ার বলেন, ‘আমরা গাছ কাটায় নেতৃত্ব দেওয়া রেলওয়ের রাজবাড়ীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমানকে অন্যত্র বদলি ও ক্ষতিগ্রস্ত একটি গাছের বদলে পাঁচটি গাছ রোপণের দাবি জানিয়েছি।’ মো. হাবিবুর রহমান বলেন, গাছ ও ডালপালার কারণে ট্রেন চালাতে চালকদের সমস্যা হয়। পরে বিভাগীয় কার্যালয় থেকে নির্দেশনা আসার পর গাছের ডালপালা কাটা হচ্ছিল।