
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে লাইন পরিবর্তন করার সময় লোকোমাস্টার (ট্রেনচালক) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় প্ল্যাটফর্ম লাগোয়া প্রতিবন্ধকের সঙ্গে (ডেড এন্ড) একটি ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে। এতে সিমেন্টের তৈরি প্রতিবন্ধকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্মকর্তারা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ইঞ্জিনটি ৩ নম্বর থেকে ৪ নম্বর লাইনে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনটি প্লাটফর্ম লাগোয়া শেষ প্রতিবন্ধককে (ডেড এন্ড) ধাক্কা দেয়। রেললাইনের শেষ প্রান্তের প্রতিবন্ধক ডেড এন্ড নামে পরিচিত।
রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মনজুর-উল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, লোকোমাস্টার ইসহাক ইকবাল ইঞ্জিনটি লাইন পরিবর্তন করার সময় লোকজন দেখে হর্ন বাজায়। এতে এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ইঞ্জিনে উঠে তাঁকে মারধর করেন। ফলে লোকোমাস্টার নিয়ন্ত্রণ হারালে ইঞ্জিনটি ডেড এন্ডের সঙ্গে ধাক্কা লাগে।
বিভাগীয় ব্যবস্থাপক বলেন, এ ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।