রেলশ্রমিককে আ.লীগ নেতার মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে ডেকে নিয়ে শহীদুল ইসলাম (২৭) নামের এক রেলশ্রমিককে আওয়ামী লীগের নেতা হিটলার চৌধুরী মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে গত রোববার রাতে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদুল সৈয়দপুর রেলওয়ে কারখানার পেইন্ট শপের (রংঘর) শ্রমিক।এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ রেলওয়ে কমান্ড কার্যালয়ে যৌথ সভা করে সৈয়দপুর রেলওয়ে কারখানার ট্রেড ইউনিয়নগুলো। সভায় শ্রমিকের ওপর হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে রেল চলাচল বন্ধসহ গোটা পশ্চিমাঞ্চল রেলওয়ের কার্যক্রম অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন শহীদুল ইসলাম অভিযোগ করেন, চাকরি সূত্রে তিনি শহরের গোলাহাট রেল কলোনিতে একটি কোয়ার্টার বরাদ্দ পান। তিনি গ্রামের বাড়িতে গেলে সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিটলার চৌধুরী কোয়ার্টারটি দখলে নিয়ে বিক্রি করে দেন। নিজের নামে বরাদ্দের কোয়ার্টার হারিয়ে তিনি বেশ কিছুদিন কলোনির অন্য রেলশ্রমিকের বাসায় অস্থায়ীভাবে বসবাস করেন। অথচ তাঁর নামে বরাদ্দ কোয়ার্টারের ভাড়া প্রতি মাসে বেতন থেকে কেটে নেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় দুই বছরের মাথায় তিনি একই এলাকায় রেলের আরেকটি কোয়ার্টার বরাদ্দ নেন। ওই বাসার সামনের অংশ ঘিরে নেওয়ার জন্য রোববার ইট-সিমেন্ট কিনে আনেন তিনি। কাজ করার সময় হিটলার চৌধুরী বাধা দেন ও রাতে তাঁর অফিসে যেতে বলেন। স্ত্রীসহ রাত নয়টার দিকে ওই অফিসে গেলে তাঁকে বেধড়কভাবে পেটানো হয়।অভিযোগের বিষয়ে হিটলার চৌধুরী বলেন, ‘শহীদুল তাঁর বাসার সামনে অবৈধ স্থাপনা তুলছিলেন। এতে বাধা দিয়েছি আমি। আমার কথা না শোনায় তাঁকে অফিসে ডেকে একটি মাত্র চড় মেরেছি। রেলের ট্রেড ইউনিয়নগুলো এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করছে।’ তিনি কোনো রেল কোয়ার্টার দখলের কথা অস্বীকার করেন। রাতেই সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী ওই শ্রমিককে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি বলেন, রেলশ্রমিকের ওপর হামলাকারীদের কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না। হিটলার চৌধুরীর বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল সম্মিলিত রেলওয়ে ট্রেড ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ রেল কমান্ড কার্যালয়ে যৌথ সভা করেছে। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী হিটলার চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে রেল চলাচলসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের সব কার্যক্রম অচল করে দেওয়া হবে। পরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। রেলওয়ে শ্রমিক লীগের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন বলেন, ওই দাবিসংবলিত একটি সঞ্চারকলিপি বিভাগীয় তত্ত্বাবধায়ককে দেওয়া হয়েছে।