রেলশ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রেলের জায়গায়’ চট্টগ্রাম বন্দরের অবকাঠামো নির্মাণের প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রেলশ্রমিকেরা। গতকাল সোমবার মিছিলের পর শ্রমিকেরা রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে স্মারকলিপিও দেন।
চট্টগ্রাম বন্দর কলোনিসংলগ্ন ১১৫ দশমিক ৬৬ একর জায়গা নিয়ে রেলের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। ওই জায়গা বন্দরের নামে নামজারি করলেও রেলওয়ে কর্তৃপক্ষ মালিকানা দাবি করে আসছিল। সম্প্রতি সেখানে অবৈধ উচ্ছেদ অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ খবর পেয়ে রেলওয়ের সর্বদলীয় কর্মচারীর ব্যানারে তিন দিন ধরে বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে।
রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি কাজী আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, ‘রেলের সম্পত্তি ধীরে ধীরে ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে। বন্দর এলাকার জমিও বন্দর কর্তৃপক্ষ দখলে নিয়ে অবকাঠামো নির্মাণের পাঁয়তারা করছে। আমরা রেলের সম্পত্তি দখল করতে দেব না। সে জন্যই আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। মহাব্যবস্থাপককে আমরা স্মারকলিপি দিয়েছি।’
রেলওয়ে বিভাগীয় ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও সরকারের উপসচিব প্রথম আলোকে বলেন, ‘রেলের ১১৫ দশমিক ৬৬ একর জায়গা বন্দর কর্তৃপক্ষের নামে নামজারি হয়। আসলে ওই জায়গা রেলের। তাই রেলওয়ে কর্তৃপক্ষ ২০০৭ সালে জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেছে। মামলাটি বিচারাধীন আছে। বন্দর কর্তৃপক্ষ সেখানে অবকাঠামো নির্মাণ করবে বলে শুনেছি। তাই আমরা বিষয়টি আদালতের নজরে আনব।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘রেল ও বন্দর—দুটোই সরকারি সংস্থা। দুই সংস্থার মধ্যে বিরোধ থাকা সমীচীন নয়। আন্তমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হতে পারে।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান বলেন, ‘রেল যে জায়গা নিজেদের বলে দাবি করছে, সেটা সত্য নয়। ওই জায়গা বন্দরের নামেই আছে। বন্দর কর্তৃপক্ষ সেখানে অবৈধ উচ্ছেদ করে অবকাঠামো করতেই পারে। বিষয়টি নিয়ে রেলের কর্মচারীদের আন্দোলন অযৌক্তিক।’
এক প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘এ জায়গা নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করেছে কি না আমাদের জানা নেই। আদালতে যে কেউ যেতে পারে। তবে জায়গার মালিকানা যে বন্দর কর্তৃপক্ষের তার সব দলিলপত্র রয়েছে।’