রেলসেতু থেকে বাঁশের ফালি অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভী-বাজারের কুলাউড়া উপজেলার ২০৬ নম্বর মনু রেলসেতুর কাঠের স্লিপারে লাগানো বাঁশের ফালি অপসারণ করা হয়েছে। এ ছাড়া অকেজো স্লিপারগুলো বদলে নতুন স্লিপার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মনু নদের ওপর স্থাপিত এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩০০ মিটার। এই সেতু দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। সেতুতে রেললাইনের নিচে ২০৮টি কাঠের স্লিপার বসানো রয়েছে। এর মধ্যে বেশ কিছু স্লিপার নষ্ট। অনেক স্লিপারের নাট-বল্টু খুলে পড়ে গেছে। এসব স্লিপার যাতে স্থানচ্যুত না হয়, সে জন্য এর ওপর ফালি করা বাঁশ স্থাপন করে পেরেক ঠুকে রাখা হয়। এতে ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে গত ৩১ ডিসেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।