রেলসেতুতে ট্রেনের ধাক্কায় নিহত ২
ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে নিচে পড়ে শারীরিক প্রতিবন্ধী দুই পোশাকশ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম রমজান আলী। বয়স আনুমানিক ৩০ বছর। বাড়ি খুলনায়। আরেকজনের বয়স ৩২ বছরের মতো।
আহতদের একজন মোমিন মিয়া (আনুমানিক বয়স ৩০ বছর) এবং আরেকজন সুমন। বাকি একজনের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই বধির এবং কোনাবাড়ী এলাকায় অবস্থিত কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিক।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়ার ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে পাঁচজন ভুরুলিয়া এলাকার রেলসেতুতে ওঠেন। এ সময় জামালপুরগামী একটি কমিউটার ট্রেন সেতু পার হচ্ছিল। এতে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন সেতুর নিচে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁদের তিন সঙ্গী সেতু থেকে লাফ দিয়ে খাদে জমে থাকা পানিতে পড়ে আহত হন।
এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।