রেলসেতুতে ধাক্কা লেগে দুই তরুণ আহত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রেলসেতুতে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা দুই তরুণ গুরুতর জখম হয়েছেন। হলহলিয়া রেলসেতুতে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার যাত্রীপুকুর গ্রামের আবু তাহেরের ছেলে নাসিমুজ্জামান (২৩) ও একই উপজেলার জানকিপুর গ্রামের রমজান আলী ছেলে মামুনুর রশিদ (২৪)। তাঁরা ঢাকায় মৎস্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষা দিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক বলেন, ওই দুই তরুণের মাথা ফেটে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পৌর শহরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার এনামুল হক বলেন, আহত একজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দিতে গিয়েছিলেন ওই দুই তরুণ। তাঁরা গতকাল লালমনি এক্সপ্রেস ট্রেনে চড়ে সান্তাহার স্টেশনে এসে নেমে পড়েন। পরে আবার সান্তাহার স্টেশন থেকে রাজশাহী থেকে সৈয়দপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়েন। এই ট্রেনে তিনিও (এনামুল) ছিলেন।
ট্রেনটি আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতু অতিক্রম করার সময় রেলসেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে তাঁরা আহত হন। আক্কেলপুর স্টেশনে এসে তাঁদের ট্রেনটি যাত্রাবিরতি করে। তখন ট্রেনের ছাদ থেকে রক্ত বেয়ে নিচে পড়তে দেখে স্থানীয় লোকজন তাঁদের ছাদ থেকে নামান ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।