
রাজবাড়ীর গোয়ালন্দে রেলওয়ের একটি সেতুর কাছ থেকে খননযন্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করায় সেতুর নিচের মাটি সরে গেছে। এতে সেতুর উইং ওয়ালের একাধিক স্থানে ভেঙে দেবে গেছে। উপজেলা প্রশাসন গত সোমবার বিকেলে ওই সেতুর কাছ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি খননযন্ত্র জব্দ করেছে।
রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের গোয়ালন্দ বাজার-দৌলতদিয়া ঘাট লাইনের গোয়ালন্দ বাজার শ্মশানের উত্তর পাশে নির্মিত ১২ নম্বর সেতুর উইং ওয়ালের সংযোগস্থলে ফাটল ধরেছে। এ ছাড়া ওয়ালের মাঝামাঝি স্থানে ভেঙে নিচের দিকে দেবে গেছে। সেতুর উইং ওয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দেওয়ায় সেতু ও রেললাইন ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে সোমবার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবীবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেতুর পশ্চিম পাশে প্রায় ১০০ ফুট দূরে ডোবায় একাধিক স্থানে বসানো তিনটি খননযন্ত্র জব্দ করেন। বিষয়টি টের পেয়ে খননযন্ত্রের মালিকেরা পালিয়ে যান। স্থানীয় একটি চক্র ওই তিনটি খননযন্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল বলে অভিযোগ রয়েছে।
সোমবার বিকেলে গিয়ে দেখা যায়, খননযন্ত্রের সঙ্গে থাকা জব্দ করা ব্যারেলসহ আনুষঙ্গিক সরঞ্জাম ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রেলওয়ের শ্রমিকেরা সেতুর পশ্চিম দিকের দেবে যাওয়া স্থানে মাটি ও মাটিভর্তি বস্তা ফেলে মেরামত করছেন। সেতুর অদূরে খননযন্ত্র দিয়ে গভীর গর্ত করে মাটি উত্তোলনের ফলে সেতুর উইং ওয়ালের নিচের মাটি সরে এটি দেবে গেছে। সেতুর পশ্চিম পাশের একটি উইং ওয়ালের সংযোগস্থল ফেটে প্রায় এক ফুট ফাঁকা হয়ে গেছে।
ইউএনও জানান, খবর পেয়ে রেলওয়ে সেতুর কাছ থেকে তিনটি খননযন্ত্র জব্দ করা হয়েছে। এগুলো ধ্বংস নতুবা নিলামে বিক্রি করা হবে। খননযন্ত্রের মালিকদের সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রেলওয়ে রাজবাড়ীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পদ) আবু বকর ছিদ্দিক বলেন, রেলওয়ে সেতুর মাত্র ১০০ ফুট দূর থেকে দীর্ঘদিন ধরে গভীর গর্ত করে স্থানীয় একটি চক্র মাটি উত্তোলন করছিল। এতে সেতুর কাছে গভীর গর্তের কারণে নিচ থেকে মাটি সরে সেতুর পশ্চিম পাশের উইং ওয়াল দেবে যায়।