রেলসেতুর গার্ডার স্থানচ্যুত ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের জুড়ী উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকায় রেলসেতুর একটি গার্ডার গত সোমবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্থানচ্যুত হয়ে গেছে। এতে ওই সেতুর নিচের সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যান ও পথচারীরা চলাচল করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই রেলপথ দিয়ে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে সেতুর নিচের সড়ক দিয়ে পণ্যবাহী কাভার্ড ভ্যান অতিক্রমের চেষ্টা চালায়। এ সময় ভ্যানের ওপরের অংশের সঙ্গে সেতুটির গার্ডারের জোরে ধাক্কা লাগে। এতে গার্ডারটি স্থানচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও কুলাউড়া রেলওয়ে থানার কর্মকর্তারা গত মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, গার্ডারটি অন্য গার্ডারের জোড়া থেকে ১০-১২ ইঞ্চি সরে গেছে। গার্ডারের নিচের ইটের গাঁথুনির স্তম্ভেও বড় ফাটলের সৃষ্টি হয়েছে। সেতুর নিচের ব্যস্ত সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যান চলাচল করছে। এ ছাড়া পথচারীরাও চলাচল করছেন। রেলওয়ে ও জুড়ী থানার পুলিশের কয়েকজন সদস্য সেখানে পাহারা দিচ্ছেন। সেতুর দুই পাশে বাঁশ টানিয়ে তাতে লাল কাপড় বেঁধে রাখা হয়েছে।
এ সময় আশপাশের লোকজন জানান, যেকোনো সময় স্থানচ্যুত গার্ডারটি পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
তবে রেলওয়ের কুলাউড়া জংশন কার্যালয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) পীযূষ কান্তি ভট্টাচার্য গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে দাবি করেন, গার্ডারটির নিচে পড়ার আশঙ্কা কম। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম চাওয়া হয়েছে।
এ ব্যাপারে কুলাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, ঝুঁকির কারণে ঘটনাস্থলে পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে।