রেলসেতুর ধাক্কায় ট্রেনের দুই যাত্রী নিহত
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন খুলনার দাকোপ উপজেলার পাড়চালনা গ্রামের বক্কার শেখের ছেলে লাবলু শেখ (২২)। নিহত অপরজনের বয়স আনুমানিক ৩৫।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ৭৪০৩ নম্বর বগির ছাদে উঠে ওই দুই যাত্রী খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। রাতে কৈডাঙ্গা রেলসেতুতে ট্রেনটি ওঠার সময় তাঁরা ধাক্কা খান। ঘটনাস্থলেই লাবলু মারা যান। আহত অপর যাত্রীকে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে রাত তিনটার দিকে তিনি মারা যান। রাতে তাঁদের লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় রাখা হয়।
গতকাল বেলা একটার দিকে লাবলুর বড় ভাই বাবলু সেখানে এসে লাশ শনাক্ত করেন। বাবলু শেখ জানান, ঈদের পর ঢাকায় কাজের সন্ধানে গিয়েছিলেন লাবলু। কিন্তু কাজ না পেয়ে মঙ্গলবার রাতে তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে তাঁর সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয় বাবলুর।
ঈশ্বরদী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাতে চিত্রা ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি স্টেশনে এসে থামলে স্থানীয় লোকজন ছাদে দুই যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাঁকে খবর দেন। সেতুর ধাক্কায় তাঁদের দুজনের মাথা ফেটে চোখ উপড়ে যায়। পরে ট্রেনটি ঈশ্বরদীতে এলে একজনের লাশ উদ্ধার করে থানায় এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।