রেলসেতুর সঙ্গে ধাক্কায় নিহত ১
ট্রেনের ছাদে চড়ে যাওয়ার সময় গতকাল শনিবার বেলা দেড়টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলসেতুর সঙ্গে ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত তরুণের নাম আলামিন হোসেন (২৬)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা।
নিহত তরুণের বন্ধু রুবেল বলেন, তাঁরা কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে ওঠেন। রেলসেতুর সঙ্গে ধাক্কা লাগায় দুজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, ‘পোড়াদহ থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনে চলন্ত অবস্থায় দুজন ছাদে উঠতে যান। এ সময় তাঁরা গুরুতর আহত হন। তাঁরা কোথায় আছেন বা কী অবস্থা, আমি জানি না। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।’
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশীল কুমার রায় বলেন, আহত লোকজনের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই পথে থাকা অবস্থায় মারা যান। অপরজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালিকাপুর রেলসেতু একটি দুর্ঘটনাপ্রবণ সেতু। মাঝেমধ্যেই ট্রেনের ছাদে বা দরজায় ঝুলন্ত ট্রেনযাত্রীরা ধাক্কা খেয়ে মারা যায়।